প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৬, ২০২৬, ৫:৩২ এ.এম
বাজেট ঘোষণার আগেই মাঠে বিরোধীরা
অ-অ+
অনলাইন ডেস্ক: জাতীয় বাজেট ঘোষণার আগেই এনসিপি ও জামায়াতের
প্রতিবাদ কর্মসূচি শুরু হওয়ায় প্রশ্ন তুলেছেন বিএনপির নেতা এমরান সালেহ। তিনি দাবি
করেছেন, বাজেটের পূর্ণাঙ্গ ঘোষণা শোনার আগেই বিরোধী জোটের সমালোচনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের
টকশোতে অংশ নিয়ে এমরান সালেহ বলেন, এবারের বাজেট নিয়ে দেশের বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া
দেখা যাচ্ছে। তার মতে, অর্থনীতিবিদদের একটি বড় অংশ বাজেটকে বাস্তবমুখী ও জনকল্যাণকেন্দ্রিক
হিসেবে মূল্যায়ন করেছেন। তিনি বলেন, “বাজেটের বিস্তারিত উপস্থাপন
শেষ হওয়ার আগেই এনসিপি ও জামায়াতের নেতাকর্মীরা রাস্তায় নেমে স্লোগান দিতে শুরু করেন।
এতে মনে হয়েছে, তারা আগেই একটি অবস্থান ঠিক করে রেখেছিল।” বাজেটকে ‘গরিববিরোধী’ আখ্যা দেওয়ার
সমালোচনা করে এমরান সালেহ বলেন, এবারের প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর
করের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ও বিলাসপণ্যের ওপর
কর বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। তার দাবি, সাধারণ মানুষের দৈনন্দিন
ব্যবহারের পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা বাজেটে প্রতিফলিত হয়েছে। “চাল, ডাল,
মসলা ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে স্বস্তি দেওয়ার উদ্যোগ রয়েছে। কিন্তু বিরোধী
দল সেটিকে উপেক্ষা করে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে,” বলেন তিনি। এমরান সালেহ আরও বলেন, একটি দেশের অর্থনৈতিক
অগ্রগতির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উচ্চাভিলাষী লক্ষ্য প্রয়োজন। সেই বিবেচনায় এবারের
বাজেট ভবিষ্যৎ উন্নয়ন ও বিনিয়োগবান্ধব অর্থনীতি গঠনের একটি রূপরেখা হিসেবে কাজ করবে
বলে তিনি আশা প্রকাশ করেন। তবে বাজেট নিয়ে সরকারের দাবির বিপরীতে
এনসিপি ও জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more