বারবার রাবি শিক্ষার্থী-রেলওয়ে সংঘাত, স্থানীয়দের সঙ্গে বাড়ছে উত্তেজনা
Date: 2026-09-22
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২২, ২০২৬, ৪:৪৯ এ.এম
বারবার রাবি শিক্ষার্থী-রেলওয়ে সংঘাত, স্থানীয়দের সঙ্গে বাড়ছে উত্তেজনা
অ-অ+
অনলাইন ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও রেলওয়ে কর্মচারীদের মধ্যে সমন্বয়ের অভাব এবং পূর্বের ঘটনাগুলোর কার্যকর সমাধান না হওয়ায় দুই মাসের ব্যবধানে অন্তত তিনটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর জের ধরে শিক্ষার্থী হেনস্তা, রেললাইন অবরোধ ও রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি করেছে।
সর্বশেষ ঘটনাটি ঘটে রোববার রাতে, যখন রাজশাহী রেলওয়ে স্টেশনে আরএনবি সদস্যদের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে রাবির শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইন অবরোধ করে এবং রেলওয়ে স্টেশনে গিয়ে ভাঙচুর চালায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার প্রেক্ষাপটে অভিযুক্ত চার আরএনবি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে পরদিন সোমবার স্থানীয়দের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিশ্ববিদ্যালয়ের বাস আটকে রাখার ঘটনা ঘটলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়।
এর আগে গত ২১ জুলাই ট্রেনে অনিয়মের প্রতিবাদ করায় টিটিই কর্তৃক এক শিক্ষার্থী মারধরের শিকার হলে ১০ ঘণ্টা রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। তৎকালীন আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির প্রজ্ঞাপন জারি করা হলেও তা সঠিকভাবে মেনে চলা হচ্ছিল না। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর রাতে ট্রেন না থামায় শিকল টেনে থামাতে গিয়ে অপর এক শিক্ষার্থী রেলকর্মীদের হাতে গালিগালাজ ও হেনস্তার শিকার হন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রনেতাদের মতে, পূর্বের ঘটনাগুলোর সময়মত বিচার না হওয়া এবং রেলওয়ের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার কারণেই এই সংকট ঘনীভূত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম জানান, বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে যাতে দ্রুত স্থায়ী সমাধান নিশ্চিত হয়। অন্যদিকে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাপরিচালক আহম্মদ হোসেন মাসুম জানিয়েছেন, পারস্পরিক আলোচনা ও শ্রদ্ধাবোধ বাড়িয়ে ভুল বোঝাবুঝির নিরসন করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more