বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী
Date: 2026-07-09
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৯, ২০২৬, ১২:২০ পি.এম
বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী
অ-অ+
অনলাইন ডেস্ক:
দীর্ঘস্থায়ী অবকাঠামোগত দুর্বলতা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা এবং পরিবেশগত সমস্যার কারণে গত বছরের মতো এবারও ঢাকা তার পুরোনো অবস্থান পরিবর্তন করতে পারেনি। জরিপকৃত ১৭৩টি শহরের মধ্যে ১০০ নম্বরের ভিত্তিতে করা এই র্যাংকিংয়ে ঢাকার সামগ্রিক স্কোর মাত্র ৪২, যা তালিকায় শহরটিকে ১৭১তম অবস্থানে নামিয়ে এনেছে। বৈশ্বিক এই সূচকে ঢাকার নিচে রয়েছে কেবল যুদ্ধবিধ্বস্ত দুটি দেশ সিরিয়ার রাজধানী দামেস্ক এবং লিবিয়ার রাজধানী ত্রিপোলি। মধ্যপ্রাচ্যের শহরগুলোর মতো কোনো বড় যুদ্ধবিগ্রহ না থাকা সত্ত্বেও, শুধুমাত্র কাঠামোগত দুর্বলতা এবং সঠিক নগর পরিকল্পনার অভাবেই ঢাকা দীর্ঘদিন ধরে এই তলানিতে আটকে রয়েছে।
ইআইইউ-এর এই সূচকে ঢাকার বিভিন্ন খাতের মধ্যে তীব্র বৈসাদৃশ্য দেখা গেছে। প্রতিবেদনে শিক্ষা খাতে ঢাকা কিছুটা ভালো অবস্থানে থেকে ৬৭ স্কোর পেলেও, সবচেয়ে শোচনীয় অবস্থা শহরের অবকাঠামোগত খাতে, যেখানে ঢাকার স্কোর মাত্র ২৭। এ ছাড়া স্থিতিশীলতায় ৪৫, স্বাস্থ্যসেবায় ৪২ এবং সংস্কৃতি ও পরিবেশে শহরটি ৪১ স্কোর পেয়েছে। দীর্ঘস্থায়ী যানজট, অপর্যাপ্ত নাগরিক সুবিধা এবং স্বাস্থ্য খাতের দুর্বলতা ঢাকাকে ক্রমাগত নিচের দিকে টেনে নামাচ্ছে। অথচ সাম্প্রতিক সময়ে চীন ও জাপানের শহরগুলোর ব্যাপক উন্নতির ওপর ভর করে এশিয়া অঞ্চলে সামগ্রিকভাবে গড় বাসযোগ্যতার মান অনেকটাই বেড়েছে। এশিয়ার গড় বাসযোগ্যতার স্কোর যেখানে বর্তমানে ৭৪, ঢাকা সেখানে আঞ্চলিক গড়ের চেয়ে প্রায় ৩২ পয়েন্ট পিছিয়ে রয়েছে, যা দেশের প্রধান অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
বিপরীত দিকে, বৈশ্বিক এই তালিকার শীর্ষে থেকে ডেনমার্কের কোপেনহেগেন টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের খেতাব ধরে রেখেছে। এরপর শীর্ষ তালিকায় রয়েছে যথাক্রমে অস্ট্রিয়ার ভিয়েনা এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন। দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে পাকিস্তানের করাচি ৪৩ স্কোর নিয়ে ঢাকার ঠিক এক ধাপ ওপরে অর্থাৎ ১৭০তম অবস্থানে রয়েছে। অতীতের পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, ২০২৩ সালে ১৬৬তম অবস্থানে থাকা ঢাকা ২০২৪ সালে ১৬৮তম এবং ২০২৫ সালে ১৭১তম অবস্থানে নেমে যায় এবং ২০২৬ সালেও সেই একই বৃত্তে বন্দি রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং পরিকল্পিত নগর অবকাঠামো নির্মাণে জরুরি ভিত্তিতে দৃশ্যমান পদক্ষেপ না নিলে বসবাসের অযোগ্য শহরের এই গ্লানি থেকে ঢাকার মুক্তি পাওয়া কঠিন হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more