বাউফলে গোয়ালঘর থেকে ৯টি চোরাই গরু জব্দ, বিক্ষোভ এলাকাবাসীর

Date: 2026-05-01
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর এলাকায় কুলসুম বেগম নামে এক নারীর গোয়ালঘর থেকে ৯টি চোরাই গরু জব্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহের ভিত্তিতে এলাকাবাসী ওই নারীর গোয়ালঘরে অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কুলসুম বেগমকে বিশেষ শর্তে ছেড়ে দেওয়া হয় এবং জব্দকৃত গরুগুলো গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়।
ঘটনার পর চোরচক্রের মূল হোতাদের গ্রেপ্তার না করা এবং অভিযুক্ত নারীকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্র গরু চুরির সঙ্গে জড়িত থাকলেও মূল অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন আগেও একই নারীর বাড়ি থেকে চোরাই গরুসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছিল। জামিনে বেরিয়ে ওই চক্র পুনরায় গরু চুরি করে একই স্থানে গরু রেখে যাচ্ছে বলেও অভিযোগ তাদের।
এ বিষয়ে অভিযুক্ত নারী কুলসুমের মা জানান, আমার মেয়ে (কুলসুম) বাড়ীতে নাই, গরু কেনার কাগজ সংগ্রহ করতে কোথায় গেছে জানিনা।
এলাকাবাসীর দাবি, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় প্রতিনিয়ত গরু চুরির ঘটনা ঘটছে, কিন্তু কার্যকর পদক্ষেপের অভাবে এসব অপরাধ বন্ধ হচ্ছে না।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

xL3PsZN.jpeg

Leave Your Comments