ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবিতে বাউফলে মানববন্ধন
Date: 2026-06-04
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৪, ২০২৬, ৮:১১ এ.এম
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবিতে বাউফলে মানববন্ধন
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশের আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিতর্কিত পরিচালনা পর্ষদ বাতিলের দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও এক ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করেছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। বুধবার (৪ জুন) সকালে উপজেলার হাসপাতাল রোডস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বাউফল শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক ঘণ্টার কলম বিরতি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক মুজাহিদুল ইসলাম, মোস্তফা শিবলী, মাওলানা আব্দুস সোবাহান, রাসেল মাহমুদ ও ফেরদৌসী বেগম। বক্তারা অভিযোগ করেন, বিগত সময়ে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ দেশের কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নানা অনিয়ম করেছে, যার ফলে ব্যাংকিং খাত ও জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আরও দাবি করেন, এস আলম গ্রুপের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু ব্যক্তিকে ব্যাংকের শীর্ষ পদে রাখার মাধ্যমে পুনরায় প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। বক্তারা অবিলম্বে বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গ্রহণযোগ্য পরিচালনা কাঠামো গঠনের দাবি জানান। একই সঙ্গে আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন। তারা বলেন, গ্রাহকদের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more