বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন
Date: 2026-07-20
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২০, ২০২৬, ৮:৩৯ এ.এম
বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন
অ-অ+
নিজস্ব প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী):
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলা কিউআর (QR) কোডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে বাউফল পাবলিক মাঠে পূবালী ব্যাংক পিএলসি বাউফল উপ-শাখার আয়োজনে এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড ও পস (POS) মেশিন বিতরণ করা হয়। এর আগে বাজার রোডের ওয়াদুদ মিয়া প্যালেসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পূবালী ব্যাংক বাউফল উপ-শাখার ব্যবস্থাপক টি. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক বাউফল শাখার ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক কালাইয়া শাখার ব্যবস্থাপক রুবাইয়াত মোরশেদ মিশুক, আশা বাউফল শাখার সিনিয়র ম্যানেজার আসাদুজ্জামান এবং সমকালের বাউফল উপজেলা প্রতিনিধি জিতেন রায়। এছাড়া স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ শাহিন হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গত ১ জুলাই থেকে বাংলা কিউআর কোড চালু হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটবে।
ব্যবসায়ী বরুণ মৃৎশিল্পের স্বত্বাধিকারী বরুণ পাল বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও কিউআরভিত্তিক লেনদেন জনপ্রিয় হলে ব্যবসা-বাণিজ্য আরও সহজ হবে। রূপসী বাংলা গার্মেন্টসের স্বত্বাধিকারী তরিকুল ইসলাম মোস্তফা বলেন, বাংলা কিউআর ব্যবহারে জাল নোট, ছেঁড়া নোট ও নগদ অর্থ বহনের ঝুঁকি থেকে ব্যবসায়ীরা মুক্ত থাকবেন।
প্রধান অতিথি মো. হুমায়ুন কবির বলেন, বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়লে ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারিত হবে এবং ব্যাংকিং ব্যবস্থায় অর্থপ্রবাহ আরও বৃদ্ধি পাবে।
সভাপতির বক্তব্যে টি. এম. মনিরুজ্জামান বলেন, পূবালী ব্যাংকের গ্রাহকরা এখন ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সহজেই লেনদেন করতে পারবেন। এ সেবা জনপ্রিয় করতে ব্যাংক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠান শেষে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বোর্ড বিতরণ করা হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more