প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৪, ২০২৬, ৪:৪০ পি.এম
বাউফলে বসতঘরের পেছনে গাঁজার ৩ গাছ, আটক ১
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বসতঘরের পেছনে চাষ করা তিনটি গাঁজাগাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইউসুফ খান (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গুলিঠামৌজ গ্রামের খান বাড়িতে এ অভিযান চালানো হয়।
আটক ইউসুফ খান ওই গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. মজিবুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের শুরুতে বাড়ির পাশের রাজ্জাক মোল্লার দোকান থেকে ইউসুফ খানকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছন থেকে তিনটি গাঁজাগাছ শনাক্ত করে জব্দ করা হয়।
বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেন জানান, তাঁরা আগে থেকেই ওই এলাকায় গাঁজাচাষের বিষয়ে জানতে পারেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদের নেতৃত্বে পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে গাঁজাগাছ দেখতে পান তাঁরা।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিভিন্ন মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনটি গাঁজাগাছ জব্দ ও একজনকে আটক করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more