বাউফলে বিদ্যুতের লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে বিক্ষোভ
Date: 2026-08-04
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০৪, ২০২৬, ১১:৫৮ এ.এম
বাউফলে বিদ্যুতের লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে বিক্ষোভ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ঘন ঘন লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে মঙ্গলবার সকাল ১১টার দিকে সাধারণ গ্রাহকরা বাউফল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে শান্ত থাকার আহ্বান জানান এবং তাদের অভিযোগ শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।
এ সময় বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মুজিবুর রহমান চৌধুরী আন্দোলনকারী গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, বাউফলে বর্তমানে প্রায় ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। বর্তমানে ৬ থেকে সর্বোচ্চ ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। এটি একটি জাতীয় সমস্যা এবং খুব দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডিজিএম আরও জানান, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি উপস্থিত গ্রাহকদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে, সেবার মান উন্নয়নে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করবে।
এদিকে হুমায়ুন কবির বলেন, সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে বিদ্যুৎ বিভাগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোথাও কোনো ধরনের গাফিলতি বা অনিয়মের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। একই সঙ্গে তিনি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং গ্রাহকদের অযৌক্তিক বিলের অভিযোগ গুরুত্বের সঙ্গে নিষ্পত্তির দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। পরে গ্রাহকদের অভিযোগ শোনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more