'মার্চ টু ঢাকা'ই ছিল গণঅভ্যুত্থানের টার্নিং পয়েন্ট
Date: 2026-08-04
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০৪, ২০২৬, ৬:২৩ এ.এম
'মার্চ টু ঢাকা'ই ছিল গণঅভ্যুত্থানের টার্নিং পয়েন্ট
অ-অ+
অনলাইন ডেস্ক:
কৌশলগত চালে ব্যর্থ সরকারের পরিকল্পনা: ১ দিন এগিয়ে আনা 'মার্চ টু ঢাকা'ই ছিল গণঅভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ২০২৪ সালের ৪ আগস্ট—কারফিউ, গুলি আর রক্তের মধ্য দিয়ে দেশজুড়ে চলা উত্তাল আন্দোলনের সেই ঐতিহাসিক দিনটিতেই চূড়ান্ত রূপ পেয়েছিল শেখ হাসিনা সরকারের পতন। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন তুঙ্গে উঠলে এবং এক দিনেই ৯৮ জন নিহত হওয়ার পর রাতারাতি পাল্টে যায় আন্দোলনের চিত্র। ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৬ আগস্ট 'মার্চ টু ঢাকা'র ঘোষণা দেওয়া হলেও, ৪ আগস্ট পরিস্থিতি পর্যালোচনা করে আকস্মিকভাবেই কর্মসূচি এক দিন এগিয়ে এনে ৫ আগস্ট পালনের ডাক দেন সমন্বয়ক আসিফ মাহমুদ, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। ১ দিন এগিয়ে আনার এই সিদ্ধান্তই মূলত গণঅভ্যুত্থানের মূল টার্নিং পয়েন্ট বা মোড়ঘুরানি ঘটনা হিসেবে কাজ করেছিল।
এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটির নেপথ্যে ছিল এক নিপুণ কৌশলগত পরিকল্পনা। ৪ আগস্ট রাতে তৎকালীন সরকারের নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নিয়েছিলেন, ৬ আগস্টের গণজমায়েত ঠেকানোর জন্য দেশের সব জেলা থেকে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী এনে ঢাকাকে পুরোপুরি অবরুদ্ধ রাখা হবে। একই সাথে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে ক্ষমতাসীন দলের বিপুল নেতা-কর্মীদের ঢাকায় এনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে আন্দোলনকারীদের দমন করার পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু প্রশাসনের ভেতরে থাকা আন্দোলনপন্থী কর্মকর্তাদের মাধ্যমে এই পরিকল্পনার কথা বৈষম্যবিরোধী আন্দোলনের পরামর্শক ও সমন্বয়কদের কাছে পৌঁছে যায়। তৎকালীন সরকারের পরিকল্পনা নস্যাৎ করে দিতেই আন্দোলনকারীরা এক দিন এগিয়ে ৫ আগস্ট ঢাকায় আসার চূড়ান্ত ডাক দেন, যা সরকারের সমস্ত ছক মুহূর্তের মধ্যেই ভণ্ডুল করে দেয়।
এমনকি সেসময় সরকারের গোয়েন্দা সংস্থা ও তৎকালীন ক্ষমতাসীনদের অনুগত কয়েকজন সাংবাদিক আন্দোলনকে ভণ্ডুল করতে সমন্বয়কদের মধ্যে মতবিরোধের অসত্য গুজবও ছড়িয়েছিল। তবে রক্তক্ষয়ী পরিস্থিতিতে ছাত্র-জনতার ক্ষোভ ও দেশের সেনাবাহিনীর নমনীয় অবস্থানের মুখে সমস্ত চক্রান্ত ব্যর্থ হয়। কোনোভাবেই সামাল দিতে না পেরে অবশেষে ৫ আগস্ট 'মার্চ টু ঢাকা'র মধ্য দিয়েই অবসান ঘটে টানা ১৬ বছরের স্বৈরাচারী শাসনের।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more