বাউফলে কবরস্থানে বসে মাদক বিক্রির অভিযোগ, স্থানীয়দের বিক্ষোভ ও প্রতিবাদ
অক্টোবর ২২, ২০২৬, ২:৫৬ পি.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২২, ২০২৬, ২:৫৬ পি.এম
বাউফলে কবরস্থানে বসে মাদক বিক্রির অভিযোগ, স্থানীয়দের বিক্ষোভ ও প্রতিবাদ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের সরকারি কবরস্থানে বসে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয়রা। একই সঙ্গে এলাকায় মাদক ব্যবসা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কালাইয়া বন্দর থেকে মাদকবিরোধী একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কবরস্থানে গিয়ে শেষ হয়।
পরে কবরস্থান এলাকায় স্থানীয়রা মাদকবিরোধী অবস্থান নেন। এ সময় তাঁরা কবরস্থানের পবিত্রতা রক্ষা এবং এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করেন। ভবিষ্যতে কাউকে মাদক কারবারের সঙ্গে জড়িত অবস্থায় পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, কবরস্থানের মতো পবিত্র স্থানকে কেন্দ্র করে মাদক কেনাবেচার কর্মকাণ্ড চললে তা সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। এতে এলাকার তরুণ ও যুবসমাজ মাদকের ঝুঁকিতে পড়তে পারে। তাই কালাইয়া বন্দরে মাদক ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বিক্ষোভকারীরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এলাকাবাসী কালাইয়া বন্দরে মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক কারবারের অভিযোগ তদন্ত এবং সরকারি কবরস্থানের পবিত্রতা ও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more