দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশজুড়ে যখন ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, তখন পটুয়াখালীর দুমকিতে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শুক্রবার (১৯ জুন) বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সহস্রাধিক সমর্থকের অংশগ্রহণে আয়োজিত এ শোভাযাত্রা শহরের ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে উপজেলার সরকারি জনতা কলেজ মাঠে জড়ো হন ব্রাজিলের সমর্থকেরা। তাদের পরনে ছিল ব্রাজিল দলের হলুদ জার্সি, হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র। পরে একটি পিকআপের সামনে সমর্থকদের ব্যানার নিয়ে শোভাযাত্রা শুরু হয়। পুরো পথজুড়ে ব্রাজিলের পক্ষে স্লোগান, বাঁশির শব্দ ও উচ্ছ্বাসে মুখর ছিল পরিবেশ। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ আয়োজনে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক আকাশ বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার প্রতীক। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এবং ফুটবলপ্রেমীদের একত্র করতেই আমাদের এই আয়োজন।” আরেক সমর্থক অ্যাডভোকেট রিফাত বলেন, “বিশ্বকাপকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি এবং ব্রাজিল সমর্থকদের উপস্থিতি জানান দিতেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা চাই এই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক।” উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল মৃধা বলেন, “বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মানুষের মধ্যে যে আনন্দ-উৎসবের পরিবেশ তৈরি হয়, তা অত্যন্ত ইতিবাচক। বিশেষ করে তরুণদের অংশগ্রহণ সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখে। দুমকিতেও সেই চিত্র দেখা যাচ্ছে।” বিশ্বকাপের আবহে দুমকিতে ব্রাজিল সমর্থকদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন মাত্রার উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more