বরগুনার বেতাগী উপজেলায় স্কুল শেষে বাড়ি ফেরার পথে বখাটের বেধড়ক মারধরের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রী। হামলায় শিশুটির মুখের সামনের তিনটি দাঁত উপড়ে গেছে এবং আরও দুটি দাঁত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সোমবার বিকেলে সরিষামুড়ি ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ বর্বরোচক ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ফয়সাল মৃধা দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে বিদ্যালয়ের ওয়াশরুমে উঁকি মারার ঘটনা শিশুটি পরিবার ও স্থানীয়দের জানালে পুলিশ এসে বিষয়টি মীমাংসা করে দেয়। তবে এতে ক্ষিপ্ত হয়ে ফয়সাল দেখে নেওয়ার হুমকি দেয়। ঘটনার দিন ভয়ের কারণে শিশুটিকে স্কুলে না পাঠালেও পরবর্তীতে শিক্ষকের আশ্বাসে সে বিদ্যালয়ে যায়। তবে ছুটি শেষে বাড়ি ফেরার পথে ফয়সাল তার ওপর অতর্কিত হামলা চালিয়ে অতর্কিতে লাথি ও ঘুষি মারতে থাকে।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে বরগুনা ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসাধীন শিশুটি জানিয়েছে, তার মুখে ও মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার জানান, ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মূল আসামি ফয়সাল মৃধা ঘটনার পর থেকে পলাতক থাকলেও তার মাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আসামিকে রক্ষায় বা হামলায় সহায়তার অভিযোগে তাকে আটক করা হয়। মূল আসামিকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more