ভারতীয় বিনোদন ও খেলাধুলার জগতের মেলবন্ধনে যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায়। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার রমনদীপ সিং এবং টেলিভিশন জগতের পরিচিত মুখ ও রিয়েলিটি শো তারকা চার্লি চৌহান।
গত শুক্রবার (৭ আগস্ট) পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে পাঞ্জাবি রীতি অনুযায়ী গুরুদ্বারে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এই শুভ সংবাদ ও ছবি শেয়ার করেন। তবে ভক্তদের মাঝে তাদের বয়সের ব্যবধান নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। রমনদীপের বয়স ২৯ বছর এবং চার্লির বয়স ৩৬ বছর; অর্থাৎ ক্রিকেটার স্বামী রমনদীপ তার স্ত্রী চার্লির চেয়ে বয়সে ৭ বছরের ছোট।
চার্লি ও রমনদীপ দীর্ঘদিন ধরেই নিজেদের প্রেমের সম্পর্ক আড়ালে রেখেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে চার্লি জানান, তাদের পরিচয় ও ভালোবাসার পথচলা প্রায় আট বছরের। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "আমাদের ৮ বছরের পথচলা, অবশেষে চিরদিনের জন্য।"
বিয়ের অনুষ্ঠানে রমনদীপ পড়েছিলেন ক্রিম রঙের কারুকাজ করা শেরওয়ানি ও মেরুন রঙের পাগড়ি। অন্যদিকে চার্লি সেজেছিলেন ঐতিহ্যবাহী মেরুন লেহেঙ্গা ও জমকালো গহনায়। তাদের বিবাহবাড়িতে উপস্থিত ছিলেন অর্শদীপ সিং, নামান ধীর, অশ্বিনী কুমার ও জসসিন্দর সিংয়ের মতো রমনদীপের বেশ কয়েকজন সহ-ক্রিকেটার। শুভ পরিণয়ে নতুন এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমান গিল সহ বিনোদন ও ক্রীড়াঙ্গনের তারকা ব্যক্তিত্বরা।
উল্লেখ্য, চার্লি চৌহান মূলত টিভি ধারাবাহিক ‘কাইসি ইয়ে ইয়ারিয়া’ দিয়ে ব্যাপক পরিচিতি পান। পাশাপাশি ‘রোডিজ’, ‘বেস্ট ফ্রেন্ডস ফরএভার’ ও ‘নাচ বলিয়ে ৫’-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন তিনি। অন্যদিকে, ভারতের জাতীয় দলের হয়ে ২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকা অলরাউন্ডার রমনদীপ সিং আইপিএলে শাহরুখ খানের দল ‘কলকাতা নাইট রাইডার্স’-এর হয়ে নিয়মিত মাঠে নামেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more