প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৪, ২০২৬, ৮:০৩ এ.এম
ঘরে বসেই ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল
অ-অ+
অনলাইন ডেস্ক: দেশের ডাকসেবাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন
উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে গ্রাহকরা অনলাইনের মাধ্যমে সহজেই তাদের চিঠি, পার্সেল এবং ই-কমার্স পণ্যের
বর্তমান অবস্থান জানতে পারবেন। এ লক্ষ্যে ডাক
অধিদপ্তর চালু করেছে অত্যাধুনিক ডোমেস্টিক মেইল মনিটরিং সিস্টেম (ডিএমএস)।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
ফকির মাহবুব আনাম জানিয়েছেন, ডাক বিভাগের সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করার অংশ হিসেবে এই প্রযুক্তি চালু
করা হয়েছে। এর ফলে ডাকসেবার
স্বচ্ছতা, গতি এবং গ্রাহক সন্তুষ্টি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।ডাক বিভাগের ‘মেইল প্রসেসিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস সেন্টার’ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে ১৪টি আধুনিক মেইল প্রসেসিং সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে রয়েছে বিশেষ চিলিং চেম্বার, যা তাপমাত্রা-সংবেদনশীল
পণ্য সংরক্ষণ ও পরিবহনে সহায়তা
করবে।পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে প্রকল্পের আওতায় ১ হাজার থার্মাল
বক্সও সংগ্রহ করা হয়েছে। এসব বক্সের মাধ্যমে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এমন পণ্য নিরাপদে এক স্থান থেকে
অন্য স্থানে পাঠানো সম্ভব হবে।মন্ত্রী আরও জানান, নতুন ডিএমএস সফটওয়্যার ব্যবহার করে গ্রাহকরা রিয়েল-টাইমে তাদের ডাকসামগ্রীর অবস্থান পর্যবেক্ষণ করতে পারবেন। এতে ডেলিভারি ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং গ্রাহকদের হয়রানি কমবে।ডাক বিভাগের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে ‘মেইল প্রসেসিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের টেকসই সহায়তা’ নামে নতুন একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পুরোনো ডাকঘর সংস্কার ও নতুন ডাকঘর
নির্মাণের কাজও চলমান রয়েছে।সরকারের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে ডাক বিভাগের সকল কার্যক্রমকে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে
বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও আধুনিকায়ন কার্যক্রম
অব্যাহত রয়েছে।সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ডাকসেবা খাত আরও আধুনিক, দ্রুত ও জনবান্ধব হয়ে
উঠবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more