গোবিন্দগঞ্জে ৬৮টি বৈধ আগ্নেয়াস্ত্র জমা

Date: 2026-01-31
news-banner

গোবিন্দগঞ্জ সংবাদদাতা:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৬৮টি বৈধ বেসরকারি আগ্নেয়াস্ত্র ও ৪২০ রাউন্ড কার্তুজ পুলিশ হেফাজতে জমা নেওয়া হয়েছে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) পর্যন্ত গত ১১ দিনে বেসরকারি অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এসব আগ্নেয়াস্ত্র ও কার্তুজ গ্রহণ করেন।

এসআই নজরুল ইসলাম জানান, গোবিন্দগঞ্জ উপজেলায় মোট ১০০টি বৈধ বেসরকারি আগ্নেয়াস্ত্র রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৬৮টি আগ্নেয়াস্ত্র ও ৪২০ রাউন্ড কার্তুজ থানায় জমা পড়েছে।

জমা দেওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৫৩টি একনালা বন্দুক, ৫টি দোনালা বন্দুক, ৪টি পিস্তল, ১টি রিভলভার, ১টি রাইফেল এবং ৪টি শটগান।

নির্বাচনকে আরও শান্তিপূর্ণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৮ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব বৈধ বেসরকারি আগ্নেয়াস্ত্র নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১১ দিনে এসব অস্ত্র থানায় জমা হয়।

এদিকে উপজেলায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে বর্তমানে ২০টি আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হচ্ছে।

সূত্র জানায়, অস্ত্র জমা দেওয়ার শেষ দিন শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের ২০টি অস্ত্রসহ মোট ৮৮টি আগ্নেয়াস্ত্রের তথ্য পাওয়া গেছে। তবে এখনো ১২টি বৈধ আগ্নেয়াস্ত্র থানায় জমা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব অস্ত্র অন্য থানাতেও জমা দেওয়ার সুযোগ রয়েছে এবং রাত ১২টা পর্যন্ত অস্ত্র জমা দেওয়ার সময়সীমা কার্যকর থাকবে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই অবশিষ্ট আগ্নেয়াস্ত্রগুলো জমা পড়বে বলে আশা করা হচ্ছে।

Leave Your Comments