গ্রীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাউফলে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে গাছ বিতরণ
Date: 2026-07-30
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ৩০, ২০২৬, ৮:২২ এ.এম
গ্রীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাউফলে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে গাছ বিতরণ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
গ্রীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বাউফলে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় বগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের এক হাজারেরও বেশি শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গনি সিকদার বলেন, “গ্রীন বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে অল্প সময়ের মধ্যেই একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন, বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মহিউদ্দীন, বগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম, ছাত্রশিবির নেতা মুজাহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম মৃধা, ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান বাবুল মৃধা, যুবদল নেতা শামীম মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশ সংরক্ষণে গাছ লাগানো ও পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন এবং প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে নিয়মিত গাছ রোপণের আহ্বান জানান।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more