প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ৩০, ২০২৬, ১:৩৬ এ.এম
হবিগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে উত্তেজনা
অ-অ+
অনলাইন ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ জেলায় টানা উত্তেজনা ও নাটকীয় পরিস্থিতি বিরাজ করছে। এর আগে গত মঙ্গলবার (২৯ জুলাই) এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা, ইটপাটকেল নিক্ষেপ এবং নেতাদের অবরুদ্ধ রাখার প্রতিবাদে বুধবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল দলটি। তবে পুলিশের কঠোর বাধার মুখে সেই কর্মসূচি পণ্ড হয়ে যায়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে রওনা হন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা। পথে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় এবং পরবর্তীতে হবিগঞ্জের বাহুবলের কামাইছড়া এলাকায় তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ।
এ সময় পুলিশের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের প্রায় চার ঘণ্টা তীব্র বাকবিতণ্ডা হয়। বৃষ্টির মধ্যেই রাস্তায় অবস্থান নিয়ে এনসিপি নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করলেও এনসিপি নেতারা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম প্রশাসনের এমন আচরণকে একপেশে ও বেআইনি বলে অভিযোগ করেন।
অবশেষে পুলিশি ব্যারিকেডের মুখে কর্মসূচি স্থগিত করে রাত আটটার দিকে বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে যান এনসিপির নেতারা। সেখানে মঙ্গলবারের হামলা ও ভাঙচুরের ঘটনায় বিচার দাবি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা। পরে রাত নয়টার দিকে তারা ওই এলাকা ত্যাগ করেন।
এর আগে মঙ্গলবার হবিগঞ্জ টাউন হলের সামনে এনসিপির সমাবেশে যোগদানের পর কেন্দ্রীয় নেতাদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। ওই হামলায় এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা শাখার সংগঠক আলিফ চৌধুরী গুরুতর আহত হন। তাঁর চোখে রডের আঘাত লাগায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার চোখে অস্ত্রোপচার করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 'গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬' কর্মসূচি পালন করছে এনসিপি। তবে বিভিন্ন জেলায় এই কর্মসূচি চলাকালীন নানা বাধা ও হামলার মুখোমুখি হতে হচ্ছে দলটিকে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more