ইরানের ওপর অব্যাহত মার্কিন হামলা এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার (১৮ জুলাই) রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিশেষ বিবৃতিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরকে ‘মূল্যহীন’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
বিবৃতিতে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে ‘গ্রেট শয়তান’ হিসেবে অভিহিত করে বলেছেন, ‘ধমক, জবরদস্তি, আধিপত্যবাদ এবং বর্বরতাই হলো মার্কিন পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ।’ সাম্প্রতিক সময়ে চুক্তি লঙ্ঘনের ঘটনাকে কেন্দ্র করে তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র তাদের প্রকৃত চেহারা আবারও উন্মোচন করেছে, যা তাদের প্রতারণা ও অবিশ্বস্ততার নগ্ন প্রমাণ। খামেনি জোর দিয়ে বলেন, তেহরান এবং তাদের আঞ্চলিক মিত্ররা (রেজিস্ট্যান্স ফন্ট) যুক্তরাষ্ট্রকে এমন একটি শিক্ষা দেবে, যা তারা কখনো ভুলতে পারবে না।
উল্লেখ্য, গত মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যার লক্ষ্য ছিল স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এতে স্বাক্ষর করেছিলেন। কিন্তু চুক্তির শর্ত মানা নিয়ে দুই দেশ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুললে সমঝোতাটি ভেস্তে যায়। তেহরান ও ওয়াশিংটন একে অপরকে দায়ী করার পর চুক্তিটিকে কার্যত বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
এই সংকটময় মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশবাসীর প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, ‘এই ঐতিহাসিক মুহূর্তে বিজয় অর্জনের একমাত্র চাবিকাঠি হলো জাতীয় ঐক্য। যেকোনো ধরনের বিভেদ বা মতবিরোধ এড়িয়ে আমাদের একজোট হয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চুক্তিবিরোধী এই নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more