প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৪:২১ এ.এম
কিশোর গ্যাং দমনে কুমিল্লায় বিশাল অভিযান: আটক ৬২৪
অ-অ+
অনলাইন ডেস্ক:
কুমিল্লাজুড়ে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড, প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং সাম্প্রতিক সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ছেলে স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনার পর পরিস্থিতি কঠোর হস্তে দমনে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায়, বুধবার দিবাগত রাতে কুমিল্লা জেলার মোট ১৮টি প্রশাসনিক থানার অধীন এলাকায় একযোগে এক বিশেষ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। অভিযানে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগ ও সন্দেহভাজন হিসেবে এক রাতেই মোট ৬২৪ জনকে আটক করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান জানান, কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের অপরাধের মাত্রা, গ্যাং বা কোনো অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহের পর অপরাধে জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্প্রতি কুমিল্লা নগরী ও উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম (বিশেষ করে টিকটক) কেন্দ্রিক একাধিক কিশোর গ্যাং সক্রিয় হয়ে ওঠে। 'ক্রাইম সেটআপ', 'কিং স্কোয়াড', 'ঈগল', 'রতন গ্রুপ', 'সিবিকে' ইত্যাদি নামে বিভিন্ন কিশোর গ্যাং তৈরি করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মহড়া দেওয়া এবং আধিপত্য বিস্তারের ঘটনা ঘটে। সম্প্রতি অষ্টম শ্রেণির ছাত্র অপ্রতিম হত্যার মূল অভিযুক্ত সাইফুল ইসলাম তুহিনও একটি কিশোর গ্যাং পরিচালনার চেষ্টা করছিল বলে পুলিশের অনুসন্ধানে উঠে আসে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে জনমনে আতঙ্ক দূর করতে আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপক জিরো-টলারেন্স অভিযান জোরদার করেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more