কৃষিপণ্যের সিন্ডিকেট ভেঙ্গে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে- ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
Date: 2026-07-02
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০২, ২০২৬, ৯:৪১ এ.এম
কৃষিপণ্যের সিন্ডিকেট ভেঙ্গে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে- ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
অ-অ+
বাউফল (পটুয়াখালী), ২ জুলাই: কৃষিপণ্যের বাজারে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন সবজির বীজ, ফলজ গাছের চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, "সরকারি দল বা বিরোধী দলের সংসদ সদস্যরা যখন বক্তব্য দেন, তখন গর্ব করে বলেন তারা কৃষকের সন্তান। আমরা যদি সত্যিই কৃষক পরিবারের সন্তান হই, তাহলে আজও কৃষকদের এমন দুরবস্থা কেন? কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে এবং কৃষিপণ্যের বাজারে সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে হবে।" তিনি আরও বলেন, কৃষকের উৎপাদনের ন্যায্য দাম নিশ্চিত করা গেলে দেশের কৃষি আরও শক্তিশালী হবে এবং কৃষকদের জীবনমানের উন্নয়ন ঘটবে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন। তিনি বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত হলে কৃষকদের উৎপাদনশীলতা আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মো. রফিকুল ইসলাম এবং গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাবিবুর রহমান। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন সবজির বীজ, ফলজ গাছের চারা ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, কৃষি উদ্যোক্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more