নাটোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারপাড়া এলাকায় আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন যাত্রী প্রাণ হারান। পরে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের কারো নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা ৯ জনের মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আহত ৩২ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও উদ্ধারকারী দল একযোগে কাজ করছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more