নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
Date: 2026-07-19
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৯, ২০২৬, ১:৪০ পি.এম
নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
অ-অ+
অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্মরত অবস্থায় বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। শনিবার নিউইয়র্কের ব্রঙ্কসে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ নামে সড়কটির নামফলক উন্মোচন করা হয়।
উল্লেখ্য যে, ২০২৫ সালের ২৮ জুলাই ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউয়ে একটি বহুতল ভবনে হামলাকারীকে প্রতিহত করতে গিয়ে ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম সাহসিকতার সাথে প্রাণ উৎসর্গ করেন। তার এই বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড’ পদোন্নতিতে ভূষিত করা হয় এবং পরবর্তীতে সিটি কর্তৃপক্ষ এই বিশেষ নামকরণের উদ্যোগ নেয়।
নামফলক উন্মোচন অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, দিদারুলের স্ত্রী ও তিন সন্তান এবং কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশনার জেসিকা টিস প্রয়াত দিদারুলের সাহসিকতার প্রশংসা করে বলেন, তিনি এই শহরকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন। পরিবারের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন দিদারুলের আত্মীয় ও পুলিশ কর্মকর্তা কামরুল হাসান। মৌলভীবাজারের সন্তান দিদারুল ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ২০১৩ সালে নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেন। নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় কোনো বাংলাদেশির নামে সড়কের নামকরণের ঘটনাটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক বিশেষ গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more