অনলাইন ডেস্ক:
ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বহিরাগতদের হামলায় শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি আইসিটি পরীক্ষা চলাকালে চরফ্যাশন সরকারি কলেজের কিছু পরীক্ষার্থী নকল করার চেষ্টা করলে শিক্ষকরা তাদের বাধা প্রদান করেন, যা পরবর্তীতে উত্তেজনার সৃষ্টি করে।
পরীক্ষা শেষে দুপুর ১টার দিকে একদল পরীক্ষার্থী ও বহিরাগত ব্যক্তি কলেজের গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
ঘটনার পর কেন্দ্র সচিব মো. মহিউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তথ্য: ইত্তেফাক/ বিডিফেস
মেহেদী হাসান