অনলাইন ডেক্স
অপপ্রচার ও মিথ্যাচারের মাধ্যমে জাতীয়তাবাদী
শক্তিকে দুর্বল করা যাবে না। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সংগ্রামের মধ্য
দিয়ে বিজয়ে রূপ দিতে হবে। কারণ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র, চক্রান্ত ও প্রযুক্তিনির্ভর
অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
।
বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারী) জাতীয় শিল্পকলা
একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের
আয়োজন করে।
রিজভী বলেন, বর্তমানে ‘প্রোপাগান্ডা বট’
ব্যবহার করে পরিকল্পিতভাবে ব্যক্তির চরিত্রহনন, কুৎসা রটনা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
যারা গণতন্ত্রের পক্ষে আপসহীনভাবে কথা বলেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন,
তাদের লক্ষ্য করেই এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, মিথ্যা প্রচারের
বিরুদ্ধে কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, সুরকার ও অভিনয়শিল্পীদের ঐক্যবদ্ধ ভূমিকা
রাখতে হবে। তাদের শক্তিশালী ভাষা ও সৃজনশীল প্রকাশের মাধ্যমে অপপ্রচারকে পরাজিত করা
সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
জাসাসের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন,
সংগঠনটির রাজনীতি হতে হবে গতানুগতিক ধারার বাইরে। ভিন্নধর্মী ও সৃজনশীল রাজনৈতিক চর্চার
মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে হবে।
অনুষ্ঠানে বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুজ্জামান
শাহিন, জাসাস সভাপতি ও চিত্রনায়ক হেলাল খান, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তথ্য-বিডিনিউজ
বিডিফেস/এম ডিউক