পটুয়াখালীতে বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
Date: 2026-09-23
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৩:০১ এ.এম
পটুয়াখালীতে বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক মাঠ সংগঠকের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে উত্তোলিত প্রায় ৩ লাখ টাকা অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত কর্মকর্তার নাম মো. সাইদুর রহমান নাজমুল। তদন্ত কমিটি গঠনে অভিযোগের সত্যতা মিললেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার বিরুদ্ধে দৃশ্যমান বা কার্যকর কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।
বিআরডিবি সূত্রে জানা যায়, দারিদ্র্যবিমোচনে নারীদের জন্য সমন্বিত পল্লী উন্নয়ন ও কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) দ্বিতীয় পর্যায়ের মাঠ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাইদুর রহমান নাজমুল। তিনি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। মাঠ পর্যায় থেকে গ্রাহকদের কিস্তি ও সঞ্চয়ের টাকা তুললেও তা কার্যালয়ে জমা দেননি তিনি। পরপর দুটি নোটিশ পাঠালেও তার সন্ধান না পাওয়ায় গত বছর ১২ জানুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, সাইদুর রহমানের দায়িত্বপ্রাপ্ত ব্লকের ১২টি সমিতি সরেজমিনে পরিদর্শনের সময় সদস্যদের পাসবই ও দাপ্তরিক হিসাবের মধ্যে স্পষ্ট গরমিল পাওয়া যায়। সেখানে মোট ২ লাখ ৯৮ হাজার (প্রায় ৩ লাখ) টাকা আত্মসাতের বিষয়টির বস্তুনিষ্ঠ প্রমাণ মেলে।
অনুসন্ধানে জানা যায়, রাজনৈতিক প্রভাব ও প্রভাবশালী প্রশাসনিক তদবিরের কারণেই অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে। পটুয়াখালী জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি হাসান শিকদারের রেফারেন্সে এবং বিআরডিবির তৎকালীন মহাপরিচালকের একান্ত সচিব (পিএস) ও বর্তমানে উপপরিচালক সাদেকুর রহমানের সুপারিশে চাকরি পেয়েছিলেন সাইদুর। প্রভাবশালীদের সাথে সখ্য থাকায় তিনি পার পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
ইরেসপোর তখনকার পিএস ও বর্তমান উপপরিচালক সাদেকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাইদুরের নিয়োগের সময় তাঁর সাথে যোগাযোগের বিষয়টি স্বীকার করেন। এছাড়া ২০১৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগ মামলার এজাহারনামীয় আসামি থাকার বিষয়ে প্রশ্ন করা হলে সাদেকুর রহমান বিষয়টি স্বীকার করে জানান, তিনি মামলা থেকে অব্যাহতির জন্য সরকারি বিধান অনুযায়ী ডিএমপি কমিশনারের কাছে আবেদন জমা দিয়েছেন।
অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত মাঠ সংগঠক সাইদুর রহমান নাজমুল বলেন, "টাকা পাওনা আছে, আমি পরিশোধ করে দেব। এ বিষয়ে হেড অফিসের সঙ্গে আমার কথা হয়েছে।"
বাউফল বিআরডিবি কার্যালয়ের সহকারী কর্মকর্তা (ইরেসপো) নাজমুন নাহার ইরানি বলেন, "তদন্ত প্রতিবেদনটি আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে চূড়ান্ত নির্দেশ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
পটুয়াখালী জেলা বিআরডিবির উপপরিচালক হাসানুল হক মোল্লা জানান, বিষয়টি সরাসরি প্রধান কার্যালয় মনিটর করছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি পরবর্তীতে জানতে পেরেছেন।
ইরেসপো হেড অফিসের উপপ্রকল্প পরিচালক এ এস এম সোলেমান বলেন, "তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনি পদক্ষেপ নিতে আগেই বলা হয়েছিল। তবে অভিযুক্ত ব্যক্তি টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া এবং উচ্চপর্যায়ের হস্তক্ষেপের কারণে প্রক্রিয়াটিতে কিছুটা বিলম্ব হয়েছে।" তিনি আরও জানান, সরকারি টাকা উদ্ধারে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে নতুন করে নির্দেশ প্রদান করা হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more