প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৭, ২০২৬, ৪:৩১ এ.এম
প্রাথমিকে যোগ দেননি ১৪৭১ জন, বঞ্চিত ৮৩
অ-অ+
অনলাইন ডেস্ক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও বড় একটি অংশ চাকরিতে যোগদান করেননি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) তথ্যমতে, সুপারিশপ্রাপ্ত হয়েও ১ হাজার ৪৭১ জন প্রার্থী কর্মস্থলে যোগ দেননি। এর মধ্যে ৫৫২ জন প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্রই জমা দেননি এবং একজন প্রার্থী মারা গেছেন। বাকি ৯১৮ জন নিয়োগপত্র হাতে পেয়েও নির্ধারিত সময়ে যোগদান থেকে বিরত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, অন্য কোথাও ভালো চাকরি পাওয়ায় তারা প্রাথমিকে যোগ দেননি।
অন্যদিকে, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বিভিন্ন সমস্যার কারণে শেষ পর্যন্ত নিয়োগপত্র থেকে বঞ্চিত হয়েছেন ৮৩ জন প্রার্থী। অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ২০২৫’-এর মাধ্যমে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে ১৩ হাজার ৭৪৮ জনকে নিয়োগপত্র দেওয়া হয়, যাদের মধ্যে ১২ হাজার ৮৩০ জন শেষ পর্যন্ত চাকরিতে যোগদান করেছেন।
বড় সংখ্যক প্রার্থীর যোগদান না করার বিষয়টিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুর রহিম। তিনি জানান, বারবার এত বড় নিয়োগ প্রক্রিয়া চালানো যেমন কষ্টসাধ্য, তেমনি এতে সরকারের বাড়তি খরচও হয়। এছাড়া বিপুল সংখ্যক পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট তৈরি হবে। তবে এই সংকট নিরসনে দ্রুতই নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more