প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৭, ২০২৬, ৪:২০ এ.এম
রামিসা হত্যা মামলার রায় আজ
অ-অ+
অনলাইন ডেস্ক: ঢাকা, ৭ জুন: বহুল আলোচিত শিশু রামিসা
হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। এ উপলক্ষে সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য
দিয়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়েছে। আদালত সূত্র জানায়, ঢাকা মহানগর শিশু
নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করবেন। এর আগে
গত ৪ জুন উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য ৭ জুন দিন ধার্য করেন। রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা
ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা
সংস্থার সদস্যদেরও তৎপরতা দেখা গেছে। মামলার বিচারিক কার্যক্রম অত্যন্ত দ্রুত
সম্পন্ন হয়। গত ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া
হয়। পরদিন সাক্ষ্যগ্রহণ শুরু হলে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করা
হয়। ৩ জুন আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। সবশেষে
মাত্র চার কার্যদিবসের মধ্যেই মামলার বিচারকাজ সম্পন্ন হয়। মামলার অভিযোগ অনুযায়ী, দ্বিতীয় শ্রেণির
ছাত্রী রামিসা গত ১৯ মে সকালে বাসা থেকে বের হওয়ার পর প্রতিবেশী স্বপ্না আক্তার তাকে
নিজের কক্ষে নিয়ে যান। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে তার পরিবার আসামিদের কক্ষের সামনে
জুতা দেখতে পায়। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রামিসার মরদেহ উদ্ধার
করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্না
আক্তারকে আটক করে। পরে প্রযুক্তিগত তথ্যের সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে
সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ২০ মে পল্লবী থানায় নিহত শিশুর বাবা আব্দুল
হান্নান মোল্লা মামলা দায়ের করেন। এ মামলার রায়ের দিকে এখন তাকিয়ে রয়েছে
দেশবাসী ও ভুক্তভোগী পরিবার।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more