প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৪, ২০২৬, ৪:২৯ এ.এম
রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা
অ-অ+
অনলাইন ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি
করে এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে সংঘটিত এ ঘটনায় এলাকায়
ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায় এবং
সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত ব্যক্তি হলেন ৪৫ বছর বয়সী মাসুদুল হক চৌধুরী, যিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি রাঙ্গুনিয়ার বেতাগী এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে মাসুদুল
হক একটি সিএনজিচালিত অটোরিকশায় করে চৌমুহনী বাজারে আসেন। বাজারে পৌঁছে একটি ওষুধের
দোকানের সামনে দাঁড়ালে আরেকটি অটোরিকশা থেকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি নেমে তাঁকে লক্ষ্য
করে গুলি চালায়। খুব কাছ থেকে ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে
পড়েন। স্থানীয়রা জানান, হামলাকারীরা নিশ্চিত হয় যে মাসুদুল আর জীবিত নেই, এরপর তারা
একাধিক ফাঁকা গুলি ছুড়ে চারপাশের মানুষকে দূরে সরে যেতে বাধ্য করে। এ সময় বাজারে থাকা
লোকজন প্রাণভয়ে ছুটোছুটি শুরু করেন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাটির দৃশ্য বাজারে স্থাপিত কয়েকটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। ফুটেজে
দেখা যায়, হামলায় অংশ নেওয়া কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তাদের মধ্যে একজন মুখোশ
পরিহিত থাকলেও অন্যদের মুখ স্পষ্ট দেখা গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের
মর্গে পাঠিয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা
স্থানীয় ব্যবসায়িক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার
আগে কোনো নির্দিষ্ট কারণ নিশ্চিত করা যাচ্ছে না। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ
বিশ্লেষণ করে হামলাকারীদের কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য
অভিযান চালানো হচ্ছে। তিনি আরও বলেন, হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার জন্য
বিকল্প পাহাড়ি পথ ব্যবহার করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাউজান এলাকায় রাজনৈতিক সহিংসতা ও সশস্ত্র সংঘর্ষের
একাধিক ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ ধরনের হত্যাকাণ্ডে
উদ্বেগ প্রকাশ করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তথ্য: প্রথম আলো/ বিডিফেস মেহেদী হাসান দীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more