প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০২, ২০২৬, ১:২১ এ.এম
সীতাকুণ্ডে পুলিশকে মারধর: যুবদল নেতা আটক
অ-অ+
অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে থানার প্রধান ফটকে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ। ১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানার গেটের ভেতরের অংশেই এ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, সীতাকুণ্ড থানার প্রবেশমুখে গাড়ি পার্কিং করা নিয়ে সেখানে দায়িত্বরত কনস্টেবল শফিকুল ইসলামের সঙ্গে মো. ইসমাইল হোসেনের কথা-কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে যুবদল নেতা ইসমাইল ওই পুলিশ সদস্যের ওপর চড়াও হন এবং তাকে শারীরিক প্রহার করেন। এ হামলায় কনস্টেবল শফিকুল গুরুতর আহত হলে সঙ্গে সঙ্গে থানায় উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যরা ইসমাইলকে আটক করে থানা হেফাজতে নেন। একই সময়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ইসমাইল হোসেনকে গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথেই স্থানীয় বিএনপি ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী থানা প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন। তারা থানার বাইরে অবস্থান নিয়ে তাদের আটক নেতাকর্মীর মুক্তির দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন, যার ফলে মুহূর্তের মধ্যে থানা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. কমল কদর জানান, গাড়ি রাখা নিয়ে মূলত দুইজনের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়েছিল। একপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্য ‘আমাকে চেনেন?’ জাতীয় আচরণ করায় ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা ইসমাইল এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়ে ফেলেন।
অন্যদিকে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানার মূল ফটকে মোটরসাইকেল রাখা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশ কনস্টেবল শফিকের ওপর হামলা চালোনো হয়। ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে এবং পুরো ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আইন লঙ্ঘন ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more