১৩ দিন ধরে নিখোঁজ বাউফলের ব্যবসায়ী সমীর বণিক, উদ্বিগ্ন পরিবার
Date: 2026-10-01
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০১, ২০২৬, ৭:৪৪ এ.এম
১৩ দিন ধরে নিখোঁজ বাউফলের ব্যবসায়ী সমীর বণিক, উদ্বিগ্ন পরিবার
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের ব্যবসায়ী ও বাউফল রক্ষাচণ্ডী মন্দিরের সহ-সভাপতি সমীর বণিক (৩৭) ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ঢাকার উদ্দেশ্যে বগা ফেরিঘাট থেকে বাসে ওঠার পর থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বগা ফেরিঘাট থেকে ‘দশমিনা ট্রাভেলস’ বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সমীর বণিক। তিনি বগা বন্দর ও লঞ্চঘাট এলাকার বিশিষ্ট মুদি ব্যবসায়ী।
তার ভাই সঞ্জিব বণিক জানান, ১৯ সেপ্টেম্বর রাত ২টার দিকে বোন পূজাকে "কিরে ঘুমাইছো?" লিখে মেসেজ দেন সমীর। পরদিন বিকালেও বোনের সঙ্গে কথা হয়, তখন তিনি ঢাকায় ছিলেন বলে জানান। এরপর থেকেই তার মোবাইল বন্ধ। প্রযুক্তিগত ট্র্যাকিংয়ে তার মোবাইলের সর্বশেষ অবস্থান সাতক্ষীরায় দেখা গেলেও এরপর আর কোনো লোকেশন পাওয়া যায়নি। এ নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
দোকান কর্মচারী কামরুল ইসলাম জানান, বাসে ওঠার আগে সমীর ফোনে এক ব্যক্তিকে বলেছিলেন, "আপনি ওখানে থাইকেন, আমি আসতেছি।" ওই ব্যক্তিটি কে, তা জানতে চায় পরিবার।
সঞ্জিব আরও জানান, ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য কিনতেন সমীর এবং সেখানে তার প্রায় ৫ কোটি টাকা অগ্রিম জমা রয়েছে।
এ ঘটনায় বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাউফল সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরের সভাপতি জীবন কৃষ্ণ সাহা বলেন, "১২ দিন ধরে একজন ব্যবসায়ী ও মন্দিরের দায়িত্বশীল ব্যক্তি নিখোঁজ থাকায় আমরা গভীর উদ্বিগ্ন। প্রশাসন দ্রুত তাকে উদ্ধার করুক।"
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, "নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।"
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more