প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৫, ২০২৬, ২:০৬ পি.এম
সব সমুদ্রপথ বন্ধের হুঁশিয়ারি ইরানের
অ-অ+
অনলাইন ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ওই অঞ্চলের সমস্ত সমুদ্রপথ ও জ্বালানি রপ্তানির করিডর বন্ধ করে দেওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক কড়া বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুবিধা দেয় এমন কোনো জ্বালানি পরিবহন পথ আর সচল রাখতে দেওয়া হবে না। আইআরজিসির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আঞ্চলিক জ্বালানি রপ্তানির সুবিধা যদি পেতে হয় তবে সবাই পাবে, অন্যথায় কেউই এই সুবিধা পাবে না।
ইরানের পক্ষ থেকে এমন সময়ে এই কড়া বার্তা এলো যখন দেশটি নতুন করে বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত রুট হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে এবং এর পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন বন্দরের ওপর কঠোর নৌ অবরোধ আরোপ করেছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, ইরান মূলত তাদের মিত্র ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ব্যবহার করে লোহিত সাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কৌশলগত 'বাব-এল-মান্দেব প্রণালি' অবরুদ্ধ করার ইঙ্গিত দিচ্ছে। বিশ্বের অন্যতম প্রধান এই দুটি জ্বালানি পরিবহন রুট একসাথে বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে হুতিদের একজন শীর্ষ কর্মকর্তাও সম্প্রতি সৌদি আরবকে সতর্ক করে জানিয়েছেন, ইয়েমেনে সামরিক হামলা অব্যাহত রাখা হলে তারা বাব-এল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ করে দিতে প্রস্তুত। হুতিদের দাবি, এমন পরিস্থিতি তৈরি হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ২০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতাকে 'দুর্বল' করতে হরমুজ প্রণালি ও ইরানের ওপর মার্কিন বাহিনীর নতুন করে হামলার ঘোষণার ঠিক এক দিন পরই মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ স্থবির করে দেওয়ার এই পাল্টা হুমকি দিল তেহরান।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more