বাউফল পটুয়াখালী প্রতিনিধি
:
পটুয়াখালীর বাউফলে জুলাই
শহীদ পরিবারের সদস্যদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায়
বাউফল বাংলাবাজারস্থ উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাতটি শহীদ পরিবারের
হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির
মাওলানা রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে
সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জুলাই শহীদ পরিবারকে বাদ দিয়ে ঈদের আনন্দ
উদযাপনে কোনো সার্থকতা নেই। তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্যেই প্রকৃত মানবিকতা
ও দায়িত্ববোধ নিহিত রয়েছে।”
তিনি বলেন, “আমরা সরকারদলে
না থাকলেও সবসময় অসহায় ও শহীদ পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। ঈদ উপলক্ষে সামর্থ্যের
মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।”
ড. মাসুদ বলেন, “বাউফলের
সাধারণ মানুষের কল্যাণে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছি। অতীতেও মানুষের পাশে ছিলাম,
এখনও আছি। গরিব ও অসচ্ছল পরিবারের মাঝে সহযোগিতা পৌঁছে দিতে আমরা নিরলস চেষ্টা চালিয়ে
যাচ্ছি।”
এসময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে
অপপ্রচার ও গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “কোনো তথ্য যাচাই ছাড়া
প্রচার করা উচিত নয়। মিথ্যা তথ্য প্রচার করলে ব্যক্তি ও এলাকার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত
হয়।”
তিনি দুর্নীতির বিরুদ্ধে
কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, “রাস্তা, খাল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে
কেউ অনিয়ম বা দুর্নীতির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী
ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিটি শহীদ
পরিবারকে ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ লিটার তেল, ৫ কেজি চিনি, ৫ কেজি পেঁয়াজ, ১ কেজি
রসুন এবং নগদ এক হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়।