শরীয়তপুরের শিক্ষা কর্মকর্তাকে কোপালেন প্রধান শিক্ষক
Date: 2026-07-12
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১২, ২০২৬, ১:৪২ পি.এম
শরীয়তপুরের শিক্ষা কর্মকর্তাকে কোপালেন প্রধান শিক্ষক
অ-অ+
অনলাইন ডেস্ক: শরীয়তপুরের গোসাইরহাটে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর কুড়াল দিয়ে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় আলাউলপুর ইউনিয়নের চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম জসিমকে পুলিশ আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষক বিএম জসিম হামলার সময় ছদ্মবেশ ধারণ করেছিলেন। তিনি রেইনকোট পরিহিত অবস্থায় মুখে মাস্ক এবং চোখে সানগ্লাস লাগিয়ে অতর্কিতভাবে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন এবং সঙ্গে থাকা ব্যাগ থেকে কুড়াল বের করে শাকিল আহমেদের ওপর হামলা চালান। এ সময় কার্যালয়ে উপস্থিত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিক এগিয়ে এসে হামলাকারীকে নিবৃত্ত করেন এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করেন।
আহত শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ অভিযোগ করেছেন যে, বিএম জসিমের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তিনি অতীতে একাধিকবার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন এবং তাকে সতর্ক করেছিলেন। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ থেকেই পূর্বপরিকল্পিতভাবে ছদ্মবেশে এই হামলা চালানো হয়েছে। এদিকে ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে অভিযুক্ত শিক্ষককে অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা গেছে। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানিয়েছেন যে, অভিযুক্ত শিক্ষক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more