প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৫, ২০২৬, ৪:০৯ এ.এম
সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলার দাবি
অ-অ+
অনলাইন ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানান, রিয়াদের আরামকো স্থাপনা লক্ষ্য করে পরিচালিত তাদের 'সামরিক অভিযান' অত্যন্ত নির্ভুল ও সরাসরি আঘাত এনেছে। এই হামলায় স্থাপনাটিতে আগুন ধরে যায় বলেও তিনি দাবি করেন।
এদিকে, সৌদি জোটের মুখপাত্র তুরকি আল মালিকি হুথিদের এই দাবি অস্বীকার করেছেন। তবে হুথিদের নতুন করে শক্তিবৃদ্ধি ঠেকাতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের তোর আল বাহা ফ্রন্ট ও তাইজ এলাকায় ৯৭টি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান ও স্থল অভিযান চালিয়েছে। ইয়েমেনি সরকারি বাহিনীর তথ্যমতে, এসব অভিযানে অন্তত ২৬০ জন হুথি যোদ্ধা হতাহত হয়েছেন এবং ৪৪টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।
উলেখ্য, ২০২২ সালে ঘোষিত ভঙ্গুর যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে যাওয়ার পর থেকে ইয়েমেনে সামরিক সংঘাত পুনরায় তীব্র রূপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ ও উপকূলীয় বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more