টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ৩

Date: 2026-03-17
news-banner

টাঙ্গাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের ধনবাড়িতে বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে ধনবাড়ী পৌর এলাকার নলহরা (নল্যা) এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জামালপুর থেকে মধুপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা-জামালপুর রুটের একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
এ সময় সিএনজিতে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত সিএনজি চালক আকবর হোসেন (৫৫) ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের সেনবাড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। নিহত অপর দুই যাত্রী হলেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ এলাকার খোকন হোসেন (৬০) এবং বাউসী বাঙ্গালীপাড়ার তোরাপ মুন্সীর ছেলে ফারুক মুন্সী (৫০)। ফারুক মুন্সী স্থানীয় নাওগলা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
ধনবাড়ী থানার এসআই বজলুর রহমান জানান, দুর্ঘটনার পর মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave Your Comments