প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০১, ২০২৬, ৪:২৪ এ.এম
বন্ধ হচ্ছে 'কফি উইথ করণ'
অ-অ+
অনলাইন ডেস্ক:
দীর্ঘ ২২ বছরের সফর শেষে বন্ধ হতে যাচ্ছে বলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত টক শো 'কফি উইথ করণ'। সঞ্চালক ও খ্যাতিমান নির্মাতা করণ জোহর নিজেই এই জনপ্রিয় অনুষ্ঠানটির ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১৪ অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে প্রচারিত হতে যাওয়া নবম সিজনটিই হবে এই শো-এর শেষ অধ্যায়।
২০০৪ সালে যাত্রা শুরু করা এই অনুষ্ঠানটি গত দুই দশক ধরে বলিউড তারকাদের আড্ডা, ব্যক্তিগত জীবনের গোপন তথ্য, প্রেম-বিয়ে ও নানা মুখরোচক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, কারিনা কাপুরসহ বি-টাউনের শীর্ষ সব তারকাদের উপস্থিতিতে ১৬১টিরও বেশি পর্ব প্রচারিত হয়েছে এই শো-তে। বিনোদনের পাশাপাশি বহুবার বিতর্ক উসকে দিয়েছে করণের এই অনুষ্ঠান। ২০১৯ সালে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক তার মধ্যে অন্যতম।
জীবনের পরবর্তী সময়ে পূর্ণাঙ্গভাবে চলচ্চিত্র পরিচালনা এবং নতুন গল্প বলায় মনোযোগ দিতে চান বলেই এই অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান করণ জোহর। ২২ বছরের স্মৃতির ইতি টানতে যাওয়া শেষ সিজনটি ঘিরে তাই দর্শকদের মাঝেও আলাদা আগ্রহ তৈরি হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more