প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ৩১, ২০২৬, ৫:১২ এ.এম
আফ্রিকায় ২০২৭ বিশ্বকাপ: চূড়ান্ত ৩ দেশের ১২ শহর!
অ-অ+
অনলাইন ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপের আয়োজক শহরের তালিকা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দীর্ঘ ২৪ বছর পর আফ্রিকান মহাদেশে ফিরতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের খসড়া সূচি নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। ৩টি দেশের মোট ১২টি শহরের মূল স্টেডিয়ামগুলোতে যৌথভাবে আয়োজিত হবে পুরো টুর্নামেন্টের ৫৪টি ম্যাচ।
টুর্নামেন্টের সবচেয়ে বড় অংশ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। দেশটির জোহানেসবার্গ, কেপ টাউন, ডারবান, সেঞ্চুরিয়ন, গেবারা, ইস্ট লন্ডন (কুগোম্পো সিটি), পার্ল ও ব্লুমফন্টেইন—এই আটটি শহরে বসবে বিশ্বকাপের মূল আসর। ক্রিকেটের বড় এই মহারণের ফাইনাল ম্যাচটি কেপ টাউনের ঐতিহ্যবাহী নিউল্যান্ডস অথবা জোহানেসবার্গের বিখ্যাত ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মূল লড়াই শুরুর আগে দলগুলোর প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুম ও বেনোনি শহরকে।
প্রতিবেশী দেশ জিম্বাবুয়ে বিশ্বকাপের ৭ থেকে ১০টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ৩টি শহরের কাঁধে। চিরাচরিত হারারে ও বুলাওয়ের পাশাপাশি নতুন চমক হিসেবে যুক্ত হয়েছে ভিক্টোরিয়া ফলস। নতুন নির্মিত ১০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে এই পর্যটন শহরটি। অন্যদিকে, উদীয়মান ক্রিকেটীয় দেশ নামিবিয়া তাদের মূল ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম বিশ্বমঞ্চের সিনিয়র কোনো টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে। দেশের রাজধানী উইন্ডহকের ভেন্যুতে বিশ্বকাপের অন্তত ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে ২০০৩ সালে কেনিয়াকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বৈশ্বিক এই আসর আয়োজন করলেও নামিবিয়ার অন্তর্ভুক্তিতে এবার নতুন আমেজ যোগ হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more