খুলনায় দুষ্কৃতকারীদের গুলিতে ও কোপে যুবকের মৃত্যু
Date: 2026-07-31
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ৩১, ২০২৬, ৪:৪৫ এ.এম
খুলনায় দুষ্কৃতকারীদের গুলিতে ও কোপে যুবকের মৃত্যু
অ-অ+
অনলাইন ডেস্ক:
খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মো. ইসমাইল (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা ইসমাইলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, নিহত ইসমাইল একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁর বিরুদ্ধে খুলনা সদর থানায় মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি যুবলীগের রাজনীতিতেও জড়িত ছিলেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, হামলাকারীরা মাথায় গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার কোপায়, যা থেকে তাদের তীব্র আক্রোশের আভাস পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার মূল রহস্য উন্মোচনসহ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশের অভিযান শুরু হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more