প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ৩১, ২০২৬, ৪:৩৬ এ.এম
কিয়ারা আদভানির নতুন পথচলা
অ-অ+
অনলাইন ডেস্ক:
বলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় তাঁর অবস্থান এখন সুসংহত। ক্যারিয়ারের এক দশকে কমেডি, হরর থেকে শুরু করে নানা ধাঁচের চলচ্চিত্রে অভিনয় করে জয় করেছেন অগণিত দর্শকের মন। ছবিপ্রতি এখন যাঁর পারিশ্রমিক প্রায় ২১ কোটি টাকা, সেই জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানির আজ ৩১ জুলাই জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় ভাসার পাশাপাশি নিজের জীবনের সংগ্রাম, সাফল্য এবং মাতৃত্বের নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।
১৯৯২ সালের ৩১ জুলাই মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রীর পারিবারিক নাম ছিল আলিয়া আদভানি। কিন্তু চলচ্চিত্রে অভিষেকের আগে একই নামে ইতিমধ্যে আলিয়া ভাট জনপ্রিয় হয়ে ওঠায় তিনি নিজের নাম বদলে রাখেন ‘কিয়ারা’। ২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখলেও কিয়ারা প্রথম নজর কাড়েন ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেয় ২০১৯ সালের ব্লকবাস্টার ছবি ‘কবির সিং’। ছবিতে ‘প্রীতি’ চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি তারকাখ্যাতি পান। এরপর ‘গুড নিউজ’, ‘শেরশাহ’, ‘ভুল ভুলাইয়া ২’ ও ‘সত্যপ্রেম কি কথা’র মতো একাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে হিন্দি সিনেমার শীর্ষ অভিনেত্রীদের তালিকায় নিজের জায়গা পোক্ত করেন তিনি।
ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এসেছে বড় পরিবর্তন। ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে সহশিল্পী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিয়ারার প্রেমের সূচনা হয় এবং ২০২৩ সালে রাজস্থানের জয়সলমিরে আড়ম্বরপূর্ণ আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। গত বছরের জুলাইয়ে তাঁদের কোল আলো করে আসে এক কন্যাসন্তান।
সন্তানের আগমনে জীবন পূর্ণতা পেলেও সম্প্রতি মাতৃত্ব পরবর্তী মানসিক ও শারীরিক পরিবর্তন নিয়ে অকপট স্বীকারোক্তি দিয়েছেন অভিনেত্রী। উদ্যোক্তা ও পডকাস্ট সঞ্চালক রাজ শামানির একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসে সন্তান জন্মের পর নারীদের ডিপ্রেশন বা ‘পোস্টপার্টাম’ পর্বটি নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কিয়ারা জানান, সন্তান হওয়ার পর সবাই যখন বাচ্চার দেখভাল নিয়ে ব্যস্ত থাকে, তখন মায়েরও মানসিকভাবে একজন বিশ্বস্ত সঙ্গীর প্রয়োজন হয়, যিনি কোনো উপদেশ না দিয়ে কেবল তাঁর অনুভূতির কথা শুনবেন। এই কঠিন পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে তাঁর প্রায় ছয় মাস সময় লেগেছে এবং এই সময়টিতে তিনি নিজের প্রতি সহানুভূতিশীল হতে শিখেছেন। বর্তমানে পরিবার ও সন্তানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই অভিনয় ও ব্যক্তিগত জীবনের সুন্দর ভারসাম্য রক্ষা করে এগিয়ে চলছেন বলিউডের এই সফল অভিনেত্রী।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more