বাউফলের সংস্কারের কেন্দ্রবিন্দু ইমাম ও খতিবগন -এমপি মাসুদ
Date: 2026-03-02
অ-অ+
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য
ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ
বলেছেন, বাউফলের সার্বিক সংস্কার ও সামাজিক পুনর্গঠনে ইমাম ও খতিবদের অগ্রণী ভূমিকা
পালন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, "বাউফলকে সংস্কার করতে হলে এর কেন্দ্রবিন্দুতে
থাকতে হবে আলেম সমাজকে। সমাজ পরিবর্তনের প্রকৃত শক্তি হলো মসজিদভিত্তিক নৈতিক জাগরণ।" সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে
উপজেলা প্রশাসনের আয়োজনে ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মাদ্রাসা প্রধানদের নিয়ে আয়োজিত
এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদক ও দুর্নীতি দমনে নির্বাচনী ইশতেহারের
অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ড. মাসুদ ঘোষণা করে বলেন, ৬০ দিনের মধ্যে বাউফল থেকে মাদক
নির্মূল করার কাজ বাস্তবায়নের পথে এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি দমনে কার্যকর ও দৃশ্যমান
পদক্ষেপ নওেয়া হচ্ছে। তিনি জানান, লক্ষ্য অর্জনে ইতিমধ্যে পুলিশ
ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি,
মাদক ও দুর্নীতি ঢুকে পড়েছে। এগুলো নির্মূল করতে সময় লাগবে। একজন মালী যেমন তার বাগান
পরিচর্যায় সদা সতর্ক থাকেন, তেমনি বাউফলবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়ে এমপি
মাসুদ বলেন, ইমাম ও খতিবগণ জুমার খুতবা এবং নিয়মিত আলোচনার মাধ্যমে সমাজে ব্যাপক গণসচেতনতা
তৈরি করতে পারেন। পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন মাদকবিরোধী কর্মসূচি
গ্রহণ করা হবে বলেও তিনি জানান। নিজেকে জনগণের সেবক হিসেবে দাবি করে ড.
মাসুদ বলেন, "আমি এমপি নই, আমি আপনাদের একজন সেবক মাত্র। প্রকৃত এমপি হলেন বাউফলের
সাড়ে চার লক্ষ জনগণ। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া
চাই।" উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ
আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া (আমির,
উপজেলা জামায়াত), অধ্যক্ষ কাজী আব্দুল দাইয়ান (সভাপতি, মসজিদ মিশন ও ওলামা বিভাগ),
অধ্যক্ষ এস এম আব্দুল হাই (কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসা), ড. মুহাম্মদ হাবিবুল্লাহ
(অধ্যক্ষ, ধান্দী কামিল মাদ্রাসা) ও বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান নজরুল ও এডভোকেট
মুনতাসির মুজাহিদ। একাডেমিক সুপার মো. নুরুন্নবীর সঞ্চালনায়
এই সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মাদ্রাসার অধ্যক্ষসহ
কয়েক হাজার সুধীজন অংশগ্রহণ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more