বাউফলে পুত্রবধু ও শিশু সন্তানকে হত্যা চেষ্টার অভিযোগ

Date: 2026-02-22
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর এলাকায় পুত্রবধূ ও তার তিন বছর বয়সী শিশুকন্যাকে হাত-পা বেঁধে অটোরিকশা থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে।

শনিবার বিকেল প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত রিমা আক্তার (২২) ও তার শিশুকন্যাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মাওলানা মো. খলিলুর রহমান সূর্যমনি ইউনিয়নের সরকারি বিবাহ রেজিস্ট্রার এবং একটি ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত বলে জানা গেছে।jNXxnv1.jpeg

ভুক্তভোগী রিমা আক্তার জানান, চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে মো. আবু বকরের সঙ্গে তার বিয়ে হয়। পছন্দের বিয়ে মেনে না নেওয়ায় শ্বশুরের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলাও করা হয়েছে।

রিমার ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন তাকে ও তার শিশুকন্যাকে বোরকা পরিয়ে হাত-পা বেঁধে জোরপূর্বক ব্যাটারিচালিত অটোরিকশায় তোলা হয়। স্থানীয়রা সন্দেহ প্রকাশ করলে অভিযুক্ত ব্যক্তি তাদের ‘মানসিক রোগী’ বলে সরিয়ে দেন। পরে কিছুদূর গিয়ে আন্তঃসড়কের ওপর মা ও শিশুকে ফেলে দেওয়া হয়। এতে তারা আহত হন। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় রিমা আক্তার বাদী হয়ে বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, তিনি ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং নিরাপত্তা নিশ্চিত করে স্বাভাবিকভাবে সংসার করতে চান।

অভিযুক্ত খলিলুর রহমানের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বাড়িতে গিয়ে প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে।

বাউফল থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave Your Comments