নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাবনাপাড়া এলাকায় মাদকসেবীদের বেপরোয়া তৎপরতায় সামাজিক ও ধর্মীয় পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাবনাপাড়া মসজিদ কমপ্লেক্স দাখিল মাদ্রাসা এবং সংলগ্ন এলাকায় নিয়মিত বসছে মাদকের আড্ডা। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এমন পরিস্থিতিতে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যার পর থেকেই বাবনাপাড়া মসজিদ কমপ্লেক্স দাখিল মাদ্রাসার নির্জন অংশে মাদকসেবীদের আনাগোনা বাড়ে। অভিযোগ রয়েছে, মাদ্রাসা প্রাঙ্গণে নেশাদ্রব্য সেবনের পর অবশিষ্টাংশ পড়ে থাকতে দেখা যায়। এতে শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা।
এছাড়া বাবনাপাড়া খাল সংলগ্ন এলাকাও মাদকসেবীদের অন্যতম আস্তানা হয়ে উঠেছে বলে জানান স্থানীয়রা। তাদের দাবি, পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সভাপতি শিব শংকর সূত্রধরের বাড়ির পাশের খালের ধারে এবং আশপাশের ফাঁকা বসতবাড়িতে নিয়মিত নেশার আসর বসে। ফলে নারী ও শিশুদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ বিষয়ে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মাদ্রাসার মতো প্রতিষ্ঠানে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নির্দিষ্ট অভিযোগ পাওয়া স্থানগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, শুধু আশ্বাসে নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমে বাবনাপাড়ার মাদক স্পটগুলো নির্মূল করে শিক্ষা ও ধর্মীয় পরিবেশ স্বাভাবিক করা হোক।