অনলাইন ডেক্স:
রাজধানী মিরপুরের জাহাজবাড়িতে
কথিত জঙ্গি নাটক সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায়
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ছয় আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে
পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার (২২ ফেব্রুয়ারি)
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের
নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো.
মোহিতুল হক এনাম চৌধুরী। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য
করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তার
সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।
মামলায় মোট আটজন আসামি
রয়েছেন। তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ ছিল। তবে দুই আসামি গ্রেফতার থাকায় বাকি
ছয়জনের বিরুদ্ধে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
গ্রেফতার দুজন হলেন সাবেক
আইজিপি একেএম শহিদুল হক এবং সাবেক ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। অন্যদিকে
পলাতকদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
কামাল, তৎকালীন ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সিটিটিসির সাবেক
প্রধান মনিরুল ইসলাম, তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং যুগ্ম কমিশনার
(ডিবি) আব্দুল বাতেন।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি
ট্রাইব্যুনাল আট আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন
এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর
কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি বাড়িতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযান
চালায়। ওই অভিযানকে কেন্দ্র করেই পরবর্তীতে এই মামলার সূত্রপাত।
তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস