বাউফলে ভাই-বোনকে কুপিয়ে মাদককারবারীর দম্ভোক্তি

Date: 2026-05-03
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফল উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলেজপড়ুয়া এক শিক্ষার্থী ও তার বোনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারীদের বিরুদ্ধে। শনিবার (২ মে) বিকেলে উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ইস্রাফিল ইসলাম রিফাত (২১), যিনি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, এবং তার বোন জুই আক্তার (১৭), স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে রিফাত বাড়ির উঠানে নামলে একদল সন্ত্রাসী তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে একটি নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার বোন জুই আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, চিহ্নিত মাদক কারবারী নুর ইসলাম ওরফে সোহাগের নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলার পর আহতদের একটি মাদক আস্তানায় আটকে রাখা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দেয় বলে জানা গেছে।
পরে স্থানীয়রা রাজনৈতিক নেতাদের মাধ্যমে যোগাযোগ করলে তাদের সহায়তায় আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী রিফাত জানান, “আমাকে গামছা দিয়ে বেঁধে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। চিৎকার করলে আশপাশের মানুষ আসতে শুরু করলে তারা ভয়ভীতি দেখায়।”
অভিযুক্ত নুর ইসলাম ওরফে সোহাগ ঘটনার আংশিক স্বীকার করে দাবি করেন, “ওরা আমার বাড়িতে ঢুকে মাদক খুঁজতে গিয়ে নগদ টাকা নিয়ে গেছে। সেই কারণে তাকে মারধর করেছি, তবে তার বোনকে মারিনি।”
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
এ বিষয়ে এখনো বাউফল থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave Your Comments