পটুয়াখালীর বাউফল পৌরসভার বাজারসংলগ্ন বাউফল-নওমালা খালের পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। বাজারের বিভিন্ন কাঁচামাল, মাছ, মাংস ও পশুপাখির বর্জ্য নিয়মিত খালে ফেলায় এই পরিবেশগত সংকটের সৃষ্টি হয়েছে। পচা ময়লার তীব্র দুর্গন্ধে খালের আশপাশের বাসিন্দা, ব্যবসায়ী এবং পথচারীদের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চললেও স্থায়ী কোনো সমাধান না পাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে দেখা যায়, পৌরবাজারের ব্যবসায়ীরা তাদের দোকানের উচ্ছিষ্ট ও পচা আবর্জনা সরাসরি খালের পানি ও পাড়ে ফেলছেন। দীর্ঘদিন ধরে এই বর্জ্য জমে থাকার কারণে পানি কালো বর্ণ ধারণ করেছে এবং চারপাশ দুর্গন্ধময় হয়ে উঠেছে।
স্থানীয়দের আশঙ্কা, এ ধরনের অব্যবস্থাপনা চলতে থাকলে মশা-মাছির উপদ্রব বৃদ্ধির পাশাপাশি বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। এছাড়া খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। বাজার কর্তৃপক্ষের দাবি, ময়লা ফেলার নির্দিষ্ট কোনো ডাস্টবিন বা স্থান না থাকায় বাধ্য হয়েই ব্যবসায়ীরা খালে আবর্জনা ফেলছেন।
বাউফল পৌরশহরের বাজার কমিটির সভাপতি সাকায়েত হোসেন (সখা) বলেন, “পৌরসভার পক্ষ থেকে ময়লা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা বা ডাস্টবিন দেওয়া হয়নি। এ কারণেই ব্যবসায়ীরা খালে ময়লা ফেলতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে আমরা পৌর কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা চাই।”
পৌর কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তিরা বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। পৌরসভার সচিব মো. মাঈনুল ইসলাম জানান, বাজার পরিদর্শককে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হবে এবং প্রয়োজনে খালে বর্জ্য ফেলা ব্যবসায়ীদের সতর্ক করে চিঠি দেওয়া হবে। এ বিষয়ে বাউফল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, “পৌর এলাকায় খাল বা অন্য কোনো খোলা স্থানে কেউ যেন ময়লা-আবর্জনা ফেলতে না পারে, সে বিষয়ে মাইকিং করে সতর্কতা জারি করা হবে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে পৌরবাজারে বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা করা হবে।”
স্থানীয়রা দ্রুত এই আশ্বাসের বাস্তবায়ন দেখতে চান। তাঁদের দাবি, অবিলম্বে খালটি পরিষ্কার করা, নিয়মিত তদারকি জোরদার করা এবং বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান করা না হলে এলাকার পরিবেশ আরও বিপর্যয়কর হয়ে উঠবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more