প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১০, ২০২৬, ৯:৫৫ এ.এম
হালালের নামে ট্রিলিয়ন ডলারের 'হারাম' ব্যবসা!
অ-অ+
নিজস্ব প্রতিবেদক:
(বিশেষ দ্রষ্টব্য: আমাদের উদ্দেশ্য কোনোভাবেই হালাল পণ্য বা সেবা গ্রহণকে অনুৎসাহিত করা নয়। বরং হালাল নামের আড়ালে প্রতারণার স্বরূপ উন্মোচনই আমাদের লক্ষ্য)
হালাল একটি আরবি শব্দ, যার পারিভাষিক অর্থ অনুমোদনযোগ্য। এর মানে হল যে কোনো বস্তু বা কর্ম যেটা ইসলামি আইন অনুযায়ী ব্যবহার করা বা নিয়োজিত করা যাবে। হালাল শব্দটি খাদ্যপানীয় ছাড়াও দৈনন্দিন জীবনের সব বিষয়ের সাথেই সম্পর্কিত। এককভাবে বলতে গেলে ইসলামি শরীয়ত যেগুলোর বৈধতা দেয় সেগুলোই হালাল। গত বছর পুরো পৃথিবী জুড়ে হালাল পণ্য বিক্রি হয়েছে ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের। এই পরিমাণটা ইতালির টোটাল জিডিপির প্রায় সমান এবং বর্তমান দুনিয়ার পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রায় দ্বিগুণেরও বেশি। এর বাইরে যদি আপনি বিভিন্ন ধরনের হালাল নামধারী সার্ভিসের দিকে তাকান, যেমন ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এসবের ব্যবসার পরিধি হয়ে গেছে ২.৮ ট্রিলিয়ন ডলারেরও বেশি অর্থমূল্যের, যা ইউকে এর টোটাল জিডিপি থেকেও বেশি। আরেকটু গভীরে যাওয়া যাক। সারা পৃথিবীর অটোমোবাইল ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ হচ্ছে ২.৭ ট্রিলিয়ন ডলার। বর্তমান সময়ে এই ইন্ডাস্ট্রিতে সবচাইতে বেশি আলোচিত নাম টেসলা। সেই টেসলা সারা বছর জুড়ে যত ব্যবসা করে তার থেকেও হালাল ইন্ডাস্ট্রির ব্যবসা দ্বিগুণেরও বেশি। আমেরিকার জনসংখ্যার মাত্র ১ শতাংশ মুসলিম, সেই আমেরিকায় বর্তমানে হালাল ব্যবসার পরিধি হচ্ছে ৮.১ বিলিয়ন ডলার। যা দিনকে দিন বাড়ছই। এ বছরই আমেরিকার হালাল ব্যবসার পরিধি ছাড়িয়ে যাবে প্রায় ১২ বিলিয়ন ডলারেরও বেশি। জার্মানিতে হালাল বিজনেসের পরিধি প্রায় ৫ বিলিয়ন ডলারের কোঠা ছাড়িয়েছে। হালাল বিজনেস বৃদ্ধি পেয়েছে সুইডেন, নরওয়ে, ফ্রান্স কিংবা কানাডার মতো উন্নত দেশগুলোতে, যার একটিও মুসলিম দেশ না। অথচ এসব দেশেও হালালের ব্যবসা রমরমা।
ব্যাপারটা চিন্তা করে দেখেছেন? এবার চলুন দেখে আসি আমাদের মুসলিম বিশ্বের কি অবস্থা। মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে সব থেকে বেশি হালাল নামধারী ব্যবসা হয় ইন্দোনেশিয়ায়। তারপরেই রয়েছে তুরস্ক, পাকিস্তান, ইরান, মিশর, বাংলাদেশ, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশ। কিন্তু মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে হালাল ব্যবসাকে সব থেকে বেশি ক্যাপিটালাইজ করতে পেরেছে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, জর্ডান, পাকিস্তান আর এশিয়ার আরও কিছু মুসলিম দেশ। গত বছরের রিপোর্ট বলছে বর্তমান পৃথিবীর প্রায় ১৮ শতাংশেরও বেশি ব্যবসা হচ্ছে হালাল প্রোডাক্ট বা সার্ভিসের। এ বছর সে ব্যবসার পরিধি বেড়ে গিয়ে দাঁড়াতে পারে প্রায় ২০ থেকে ২৪ শতাংশ পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে এত হালাল জিনিসের ভেতর আপনি কি সত্যিই সব হালাল পাচ্ছেন?
সে প্রশ্নের উত্তর খুঁজতে চলুন একটু ঘুরে আসি হালাল মাংসের বাজার থেকে।
সারা পৃথিবী জুড়ে প্রতিদিন খাওয়ার উদ্দেশ্যে প্রায় ২০০ মিলিয়নের বেশি প্রাণী হত্যা করা হয়। এর মধ্যে ২৫ মিলিয়নের বেশি প্রাণী মারা হয় শুধুমাত্র আমেরিকাতেই। জার্মানিতে এই পরিমাণটা ২ মিলিয়নের কাছাকাছি। মুসলিম প্রধান কোনো দেশেই এত পরিমাণ প্রাণী হত্যা করা হয় না খাবারের জন্য। ইসলামিক দেশগুলোতে প্রাণীকে খাবারের জন্য জবাই বা হত্যা করার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। কোনো ধরনের এনেস্থেশিয়া ব্যবহার করা যাবে না। কাবামুখী করেই তাকে জবাই করতে হবে। এবং জবাইয়ের পর পুরোপুরি প্রাণ না যাওয়া পর্যন্ত তার গায়ে কোনো প্রকার আঘাত করা যাবে না। যে পশু জবাই করবে তাকে অবশ্যই মুসলিম হতে হবে। সেই সাথে জবাই করার দোয়া তো আছেই। ওদিকে অমুসলিম দেশগুলো খাবারের জন্য প্রাণী হত্যায় এত নিয়মের বালাই নেই। ক্যাপটিভ বল, পিস্তল, ইলেকট্রিসিটি এবং কার্বন ডাই অক্সাইডের যেকোনো একটিকে ব্যবহার করেই তারা প্রাণী হত্যা করে থাকে, যার একটিও ইসলামি শরীয়ত বৈধ না। মোদ্দা কথা এভাবে প্রাণী হত্যা করে যদি সেই প্রাণীর মাংস খাওয়া হয়, সেই প্রাণীটি হালাল হলেও সে মাংস খাওয়া হবে হালালের নামে হারাম গ্রহণ।
বাজার থেকে সারা পৃথিবীর মানুষ যেসব মাংস কিনে খাচ্ছে তার সবচেয়ে বড় সাপ্লায়ার হচ্ছে ব্রাজিল। এই তালিকার প্রথম ১০টি দেশের মধ্যে মুসলিম দেশ নেই একটিও। ইসলামিক জোট ওআইসিভুক্ত দেশগুলোতে মাংস সাপ্লাইয়ারকারীদের তালিকায় সবার উপরে রয়েছে ব্রাজিলের নাম। এরপর অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ফ্রান্স, চীন, সুদান, নেদারল্যান্ডস, স্পেন, সোমালিয়া ও তুরস্ক, যাদের বেশিরভাগই মুসলিম দেশ নয়।
এবার আপনি ভেবে দেখুন বাজারে শত শত কোম্পানির হালাল লেখা মাংসের প্যাকেটে আসলেই কি হালাল মাংস আছে?
কি খাচ্ছেন আপনি? বিভিন্ন কোম্পানির কিছু অমুসলিম এমপ্লয়ি সাক্ষাৎকারে তারা বলেছে তারা তাদের নিয়মেই মাংস প্রসেসিং করে থাকে। এরপরে কোম্পানির কথামতো প্যাকেটের গায়ে হালাল ট্যাগ লাগিয়ে দেয়। হালাল শব্দের অর্থ জিজ্ঞাসা করলে তাদের বেশিরভাগেরই উত্তর ছিল এটা একটা লেবেল। অবস্থাটা বুঝতে পারছেন?
শুধু তাই নয়, ব্রাজিলের শীর্ষ স্থানীয় এক মাংস রপ্তানিকারক কোম্পানি বলছে হালাল শুধুমাত্র একটা লেবেল। বাকি প্রসেসিং থেকে বাজারজাতকরণ প্রক্রিয়া সবই এক। আমেরিকাতে হালাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেটধারী কোম্পানি রয়েছে ৬০০টি। ইন্ডিয়া আর ব্রাজিলে আছে ৩০০টি করে। হালাল সার্টিফিকেটধারী এসব কোম্পানির মধ্যে সবচেয়ে উপরে আছে আপনার আমার সবার পরিচিত কোম্পানি নেসলে। যারা গোটা দুনিয়ায় সবচেয়ে বেশি ফুড সাপ্লাই করে থাকে। সেই নেসলের ৪৮১টি প্রোডাকশন ফ্যাসিলিটির মধ্যে মাত্র ৭৫টি হালাল। কিন্তু এত বিপুল চাহিদা থাকার কারণে তারা তাদের নন-হালাল প্রোডাকশন থেকে বিপুল পরিমাণ পণ্য হালালের নামেই বাজারজাত করছে।
অবস্থাটা এমন যে আপনার কাছে একটা হালাল সার্টিফিকেট থাকলেই হচ্ছে। বাকিটা আপনি কি করলেন তা পর্যবেক্ষণ করার কেউ নেই। বিজ্ঞাপনও এখানে একটা বড় ফ্যাক্টর আসলে। জেলোটিন যুক্ত এক চকলেটের বিজ্ঞাপনে মডেলকে হিজাব পরিয়ে উপস্থাপনার পর দেখা গেল হিজাব দেখেই অনেকেই সেই চকলেটকে হালাল মনে করে বাচ্চাদের খাইয়েছেন, যদিও তা হালাল ছিল না। হালালের নামে খাবার বিক্রি করে যখন এত বিলিয়ন বিলিয়ন ডলার আয় করা যাচ্ছে, তখন অন্য সব ইন্ডাস্ট্রি বা পিছিয়ে থাকবে কেন?
ফ্যাশনে কোনো সমস্যা কিন্তু হালাল ফ্যাশন নেনে। এ তালিকায় নাম লিখিয়েছে স্পোর্টসওয়্যার থেকে শুরু করে জেনারেল ড্রেস আপ। সাথে আছে বর্তমান হাল ফ্যাশনের হিজাব এমনকি বাদ যায়নি ব্যাংকিং ব্যবস্থাও। বিশ্ব জুড়ে হালাল ট্যাগধারী ব্যাংক রয়েছে ৫০০টিরও বেশি। এছাড়া দেড় হাজারের বেশি ব্যাংক নতুন করে হালাল ব্যাংকিং সুবিধা চালু করেছে। উদাহরণস্বরূপ আমাদের দেশের ইসলামী ব্যাংক থেকে শুরু করে বর্তমানে চালু হওয়া বিভিন্ন ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখাগুলোর কথা উল্লেখ করা যেতে পারে। তাদের দাবি অনুযায়ী তারা কোন হারাম ব্যবসায় টাকা ইনভেস্ট করে না, যেমন ধরুন মাদক বা অস্ত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা আপনার কাছ থেকে বছর শেষে যে ইন্টারেস্ট নিচ্ছে বা আপনাকে দিচ্ছে, তা কি আদৌ হালাল?
এবার চলুন একটু হালাল ফ্যাশন নিয়ে বলা যাক। পুরো পৃথিবীতে ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা বিশাল জায়গা দখল করে আছে হালাল ফ্যাশন। এর কারণ হচ্ছে পৃথিবী জুড়ে প্রায় ২ বিলিয়ন মুসলিমের এভারেজ বয়স হচ্ছে ২৪। আর এ বয়সে মানুষ সবচেয়ে বেশি ফ্যাশন সচেতন হয়ে থাকে। এই একটি কারণের জন্যই পৃথিবী জুড়ে হালাল ফ্যাশনের বাজার হয়ে গেছে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের। এ তালিকায় বাদ যায়নি নামিদামি ব্র্যান্ডও, যেমন নাইকি, লুই ভুইটন, চ্যানেল, গুচি, ডিওর ইত্যাদি।
অন্যদিকে আবার ট্যুরিজম ব্যবসার সাথেও হালাল কথাটি যোগ হয়েছে। হালাল ট্যুরিজম। সাথে আবার হালাল রিলেশন। এই দুটোর সবচেয়ে বেশি ব্যবসা চালু হয়েছে তুরস্কে। যেখানে নারী পুরুষ সবার জন্য রয়েছে পৃথক পৃথক হোটেল, ডাইনিং, নামাজের ব্যবস্থা এমনকি পৃথক বিচ। পুরো তুরস্কে এরকম হোটেল রয়েছে প্রায় ৫০০টিরও বেশি। আবার পশ্চিমা দেশগুলোতে বিভিন্ন ধরনের অ্যাপস সাইট তৈরি হয়েছে, যেখানে পোশাকের উপর ভিত্তি করে হালাল রিলেশন গড়ে ওঠে। কি এক তাজ্জব ব্যাপার। এ যেন চারদিকে হালাল ব্র্যান্ডিংয়ের মেলা বসিয়েছে। যেখানে হালাল শব্দটা একেবারেই ইসলামি শরীয়তের বিষয়। সেখানে হালাল শব্দটাকে পুঁজি করে ট্রিলিয়ন ডলার আয় করছে অমুসলিম সব দেশগুলো। যাদের হালাল সম্বন্ধে কোন আইডিয়াই নেই। এখন আবার বিভিন্ন মাছের প্যাকেটেও হালাল শব্দটা লেখা থাকে। অথচ মাছ এমনিতেই হালাল। তো এসব হালালের ছড়াছড়ির মধ্যে আপনি কোনটাকে হালাল হিসেবে বেছে নিবেন, সেটা একান্তই আপনার বিষয়। তবে কিছুর গায়ে হালাল লেখা দেখলেই যে সেটা হালাল, তা ভেবে বসে থাকার দিন কিন্তু অনেক আগেই শেষ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more