হোমিওপ্যাথি চিকিৎসা কি আসলেই বিজ্ঞানসম্মত, নাকি শুধুই প্লাসিবো?
নভেম্বর ১০, ২০২৬, ৬:৩৬ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১০, ২০২৬, ৬:৩৬ এ.এম
হোমিওপ্যাথি চিকিৎসা কি আসলেই বিজ্ঞানসম্মত, নাকি শুধুই প্লাসিবো?
অ-অ+
নিজস্ব প্রতিবেদক:
ছোটবেলায় জ্বর, সর্দি, কাশি বা অ্যালার্জির মতো ছোটখাটো বিভিন্ন রোগের নিরাময়ের জন্য রাবারের ছিপি আঁটা স্বচ্ছ কাঁচের শিশিতে ভরা গোলাকার মিষ্টি চিনির দানা খাননি এমন লোক খুঁজে পাওয়া একটু কষ্টকরই হবে বই কি। শত শত বছর ধরে অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার বিকল্প হিসেবে অনেকেই গ্রহণ করে আসছেন এই হোমিওপ্যাথি চিকিৎসা। আজকের বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষের দিনে দাঁড়িয়ে আধুনিক চিকিৎসা ব্যবস্থার জৌলুসের কাছে খানিকটা বিবর্ণ হয়ে পড়লেও আজও কিছু মানুষ এই চিকিৎসা ব্যবস্থার অন্ধভক্ত। কিন্তু একবিংশ শতাব্দীতে এসে হোমিওপ্যাথিক চিকিৎসার কি আদৌ কোন প্রয়োজনীয়তা আছে? এই চিকিৎসা ব্যবস্থা কি আসলেই বিজ্ঞানসম্মত? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব বিডিফেস টুয়েন্টিফোরের আজকের আয়োজনে।
হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির আবিষ্কারক স্যামুয়েল হ্যানিম্যান। জার্মানির এই ভদ্রলোকের উদ্দেশ্য ছিল মহৎ। সে সময় চিকিৎসা ব্যবস্থার অবস্থা ছিল ভয়াবহ। তখন বিশ্বাস করা হতো চার রকমের তরল—কালো ও হলুদ রক্ত আর কফের তারতম্যই হলো যত রোগের কারণ। এই অদ্ভুত তত্ত্ব অনুসারে অদ্ভুত সব চিকিৎসা করা হতো। হ্যানিম্যানের এই অবস্থা ভালো লাগেনি। তিনি চেয়েছিলেন ভালো কোন চিকিৎসা পদ্ধতি বের করতে। এ করতে গিয়ে তিনি একদিন সিনকোনা গাছের রস খেয়ে ফেললেন। এতে করে তাঁর কাঁপুনি দিয়ে জ্বর এলো যা খানিকটা ম্যালেরিয়া রোগের উপসর্গের মতোই। তখন তাঁর মাথায় এক বুদ্ধি খেলায়—যা দিয়ে রোগের উৎপত্তি তা দিয়েই রোগ নিরাময় সম্ভব। বিষে বিষ ক্ষয় আর কি! তো তিনি সবাইকে সিনকোনা পাতার রস খাইয়ে দিলেন। দেখলেন সবার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। এরপর তিনি রোগ সারানোর জন্য করলেন কি—অতি অল্প মাত্রায় সিনকোনা পাতার রস খাইয়ে দিতে লাগলেন পানি অথবা অ্যালকোহলের সাথে দ্রবীভূত করে। কোত্থেকে যেন কিছু হাইপোথিসিসও বানিয়ে ফেললেন তিনি যার কোন ভিত্তি এখনো পাওয়া যায়নি।
হোমিওপ্যাথির দুটো মূলনীতি হচ্ছে একই ধরনের পদার্থের সূত্র এবং লঘুকরণের সূত্র। একই ধরনের পদার্থের সূত্র অনুযায়ী, যে পদার্থের উপস্থিতিতে একটি রোগের সূত্রপাত হয়েছে, সেই পদার্থের খুব অল্প পরিমাণ সেবনে সে রোগটি সেরে যাবে। আর লঘুকরণের সূত্র অনুযায়ী, ওষুধের মাত্রা যত কম হবে তার প্রভাব তত বেশি হবে। অথচ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে ওষুধের মাত্রা বাড়ার সাথে সাথে তার প্রভাবও বাড়বে। প্রথম সূত্রেরো বিজ্ঞানসম্মত কোন প্রমাণ নেই। হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে যুগে যুগে অনেক গবেষণা হয়েছে, যার অধিকাংশের ফলাফল হলো হোমিওপ্যাথিক কার্যকরী কোন চিকিৎসা নয়। আর যেগুলোর ক্ষেত্রে কাজ করে সেগুলোকে প্লাসিবো ইফেক্ট বলে ধরে নেওয়া হয়। এমনকি কিছু ক্ষেত্রে দেখা গেছে হোমিওপ্যাথির কার্যকারিতা প্লাসিবো ইফেক্টের চেয়েও বেশি। আজ থেকে বহু বছর আগে এক মজার পরীক্ষা করেন রবার্টস নামের এক বিজ্ঞানী—যা নেচার পত্রিকায় প্রকাশ করা হয় ১৯০৯ সালে। পরীক্ষাটা এরকম—দুটো প্রচলিত কড়া হোমিওপ্যাথি ওষুধ নেওয়া হলো, একটা নেট্রিয়াম মিউরিয়েটিকাম থার্টি সি, আরেকটা সালফার থার্টি সি। হোমিওপ্যাথ ডাক্তারদের দৃষ্টিতে দুটোই খুব জবরদস্ত ঔষধ। দুটো ঔষধকে যথারীতি দ্রবীভূত করা হলো। হোমিওপ্যাথের ঔষধ তৈরির পদ্ধতি অনুসরণ করে পোটেন্সি বা ঔষধীগুণ বাড়ানোর জন্য যেভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বারবার দ্রবণ তৈরি করা হয় তা করা হলো। এরপর একজন প্রখ্যাত হোমিওপ্যাথি ডাক্তারকে দুটি দ্রবণ দেওয়া হলো। তিনি পদার্থবিজ্ঞান, রসায়ন, ক্লিনিক্যাল টেস্ট যাবতীয় পদ্ধতি প্রয়োগ করেও দুটি ঔষধকে আলাদা করে চিনতে পারলেন না। অর্থাৎ একটাকে আরেকটার থেকে আলাদা করে কোনটা সালফার আর কোনটা নেট্রিয়াম তা বুঝতে পারলেন না। তাহলে আমরা ধরে নিতে পারি যে দুটোই এক। কোনোটাতেই আর ঔষধের অণুমাত্র নেই। তাহলে কি আছে? কোন দাওয়াইটা কাজ করে শরীরের উপর? একসময় মনে করা হতো জলে মেশানোর পর দ্রবণে মূল পদার্থ কণা কমতে কমতে যখন একটিও অণু থাকে না তখনও জলে তার স্মৃতিটুকু থাকে। আর এই স্মৃতি মারাত্মক রকম ক্ষমতা সম্পন্ন। কিন্তু না, এই থিওরিও নাকচ হয়ে গেছে। ২০০৫-এ নতুন এক রকমের স্পেক্ট্রোস্কোপিক পদ্ধতির সাহায্যে দেখানো হয়েছে যে স্মৃতি বা যেটুকু রেশ থাকে দ্রাবকে সেটিও মুছে যায় এক ফেমটো সেকেন্ডের মধ্যে। অর্থাৎ এক সেকেন্ডেরও অনেক কম সময়ে। কাজেই সেই মারাত্মক ক্ষমতাকে বোতল বন্দী করে রাখার কোনো প্রশ্নই উঠছে না।
হোমিওপ্যাথি অনুযায়ী সাইলেসিয়া ২০০ খেলে নাকি গলায় ফুটে থাকা মাছের কাঁটাও গলে যায়। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সাধারণ সম্পাদক প্রবীর ঘোষ সাইলেসিয়া ২০০ ওষুধের কার্যকারিতা পরীক্ষণের উদ্দেশ্যে কাঁচের প্লেটে সাইলেসিয়া ২০০ নিয়ে তাতে দিনের পর দিন মাছের একটি ছোট্ট কাঁটা ডুবিয়ে রেখে দেখেন, কাঁটা যেমন ঠিক তেমনই রয়ে গেছে। আরে এসব ছাড়ুন। বিভিন্ন নামজাদা গবেষণা প্রতিষ্ঠান কি বলছে দেখুন। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস ২০১৭ সালের জুলাইয়ে এক রিপোর্ট প্রকাশ করে। সেখানে হোমিওপ্যাথিককে অকার্যকর হিসেবে ঘোষণা দেওয়া হয়। দ্য রয়্যাল লন্ডন হসপিটাল ফর ইন্টিগ্রেটেড মেডিসিন ২০১৮ সালের এপ্রিল থেকে ন্যাশনাল হেলথ সার্ভিসে হোমিওপ্যাথি ওষুধের গবেষণার জন্য অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছে। অস্ট্রেলিয়ার প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের নতুন নীতিমালা অনুযায়ী পয়লা এপ্রিল ২০১৯ তারিখ থেকে ইন্স্যুরেন্স কাভারেজের আওতায় হোমিওপ্যাথি চিকিৎসা আর থাকছে না। আমেরিকার ফেডারেল ট্রেড কমিশন সাফ বলে দিয়েছে, হোমিওপ্যাথি ওষুধের গায়ে আনসায়েন্টিফিক লেবেল থাকতে হবে। উইকিপিডিয়ার অপবিজ্ঞান বা সিউডোসায়েন্সের যে তালিকা করা হয়েছে তাতে হোমিওপ্যাথি সগর্বে বিদ্যমান।
বুঝতে পারছেন অবস্থাটা? কিন্তু এত শত প্রমাণ থাকার পরও দেখবেন কিছু মানুষ হোমিওপ্যাথির সাফাই গাইবে। তাদের প্রথম বুলি, অ্যালোপ্যাথিক ডাক্তাররা নাকি ঔষধ কোম্পানির সাথে চুক্তি করে হোমিওপ্যাথিকে দাবিয়ে রাখে। যেহেতু হোমিও ঔষধের দাম কম আর অ্যালোপ্যাথি ওষুধের দাম বেশি তাই এত কোম্পানি এবং ডাক্তার সবারই লাভ বেশি। এজন্যই বেচারা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির সাথে সুবিধা করে উঠতে পারছে না। আর হোমিওপ্যাথির তো কোন সাইড ইফেক্টই নেই। তো দেখুন, হোমিওপ্যাথির টোটকাগুলো মূলত প্লাসিবো। একাধিক গবেষণায় দেখা গেছে এই টোটকাগুলো কোন রোগ সারায় না। যার কোন ইফেক্টই নেই তার সাইড ইফেক্ট আসবে কোত্থেকে? অনেকে বলেন, হোমিও ঔষধ ভেষজ বা প্রাকৃতিক উপাদানে তৈরি। হ্যাঁ, কিছু কিছু হোমিও টোটকা ভেষজ উপাদান থেকে তৈরি ঠিকই, কিন্তু এক বিষাক্ত মাকড়সা থেকে প্রস্তুত করা হয় মাল্টিপল স্ক্লেরোসিস নামের এক মস্তিষ্ক ও শিরদাঁড়া রোগের টোটকা। কোবরার বিষ থেকে প্রস্তুত করা হয় ক্যান্সারের টোটকা। প্রাকৃতিক উপাদানের নামে এসব সেবন করতে আপনি প্রস্তুত তো? আর হোমিওপ্যাথির তেমন কোন সর্বজনগৃহীত স্ট্যান্ডার্ড নেই। কোন মান নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্য দিয়েও যেতে হয় না। তাই ভেষজ প্রাকৃতিক উপাদানের নামে আসলে কি দেওয়া হচ্ছে তা বলাই মুশকিল। অনেকের মুখে শুনে থাকবেন অমুকের রোগ সেরে গেছে বা আমার বেলায় কাজ করেছে। আসলে প্লাসিবো বা নকল ওষুধের ধর্মটাই এমন। মানুষের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা অনেক শক্তিশালী, তাই অনেক ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা নিজেই রোগ সারিয়ে দিতে পারে। নকল ওষুধ শুধু ভরসাটুকু দেয় মানুষকে। কেউ কেউ বলবেন, এসব ওষুধ আমেরিকা থেকে তৈরি হয়। তারা তো ঠিকই ব্যবহার করে। তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, খোদ আমেরিকাতেই ভীষণ বাধার মুখে রয়েছে হোমিওপ্যাথি। শুধুমাত্র কিছু লোকের বিশাল ব্যবসা বন্ধ হবে বলে তারা জিয়ে রেখেছে এই প্রতিষ্ঠানগুলো। পেশাজীবী সন্দেহবাদী জেমস রেন্ডি প্রায় তার পাবলিক বক্তব্যের আগে হোমিওপ্যাথিক ওষুধ খেতেন। এমনও হয়েছে যে বক্তব্য দেওয়ার আগে হোমিওপ্যাথিক ওষুধের ৬ মাসের কোর্স একবারে গিলে ফেললেন তিনি। বক্তব্য শেষ করে বেরিয়েও গেলেন, ঘুমালেন না। একবার তিনি কংগ্রেসে গেলেন একই ওষুধ খেয়ে। কাজ হলো না। রেন্ডি শেষমেষ ব্যঙ্গাত্মকভাবে জানান, কংগ্রেসের মিটিং আর হোমিওপ্যাথির ঘুমের ওষুধ মিলে আমাকে ঘুম পাড়াতে পারল না। আমার মনে হয় কিছুই আমাকে ঘুম পাড়াতে পারবে না। জেমস রেন্ডির একটা চ্যালেঞ্জ ছিল—সুপার ন্যাচারাল কিছু প্রমাণ করতে পারলে এক মিলিয়ন ডলার পুরস্কার। সেটাতে তিনি হোমিওপ্যাথিকে সুযোগ দিয়েছিলেন। কয়েকজন হোমিওপ্যাথি ডাক্তার চেষ্টা করেছিলেন কিন্তু তাদের বিদ্যার কার্যকারিতার প্রমাণ তারা করতে পারেনি। আর বড় বড় হোমিওপ্যাথরা অংশই নেননি। ভাবুন তো, দুনিয়ার শ্রেষ্ঠ সন্দেহবাদীর কাছে গিয়ে নিজেদের প্রমাণ দেওয়াটা কত বড় পাবলিসিটি হতে পারত তাদের জন্য। তারপরও তারা গেলেন না কেন?
অনেকে হয়তো ভাবতে পারেন হোমিওপ্যাথিতে সমস্যা কি? কাউকে তো আর জোর করে ওষুধ খাওয়ানো হচ্ছে না। কোন পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। হ্যাঁ, সবই মেনে নিলাম, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা নৈতিক। একজন অসুস্থ ব্যক্তিকে ওষুধের নামে পানি বা অ্যালকোহল আর চিনির বড়ি খাইয়ে টাকা নেওয়াটা প্রতারণার শামিল। কোন কোন ক্ষেত্রে প্লাসিবো কাজ করে সত্যি, কিন্তু অনেক ক্ষেত্রেই তা করে না। আর যেখানে করে না সে রোগীদের কষ্ট লাঘবের জন্য ব্যবস্থা থাকা সত্ত্বেও হোমিওপ্যাথিক জোর জবরদস্তি চালানো তা নৈতিকভাবে ভুল। হোমিওপ্যাথি এক অপবিজ্ঞান। এই আধুনিক যুগে এসেও এমন অপবিজ্ঞানের ফাঁদে পা দিয়ে নিজের ক্ষতি নিজেই ডেকে আনা আর যাই হোক সুবুদ্ধির পরিচয় নয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more