পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর
নভেম্বর ১০, ২০২৬, ৬:০৬ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১০, ২০২৬, ৬:০৬ এ.এম
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর
অ-অ+
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল লোক। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে অবরোধকারীদের পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বৈঠা হাতে বিপুলসংখ্যক লোক টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। বিভিন্ন ফেসবুক আইডি থেকে ঘটনার সরাসরি সম্প্রচারও করা হয়। এর মধ্যে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিও রয়েছেl
ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রাখেন। এতে পদ্মা সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কয়েকটি যানবাহন ভাঙচুরের দৃশ্য দেখা যায়। তবে বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিক্ষোভকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এদিকে, অবরোধকারীরা বিভিন্ন দিক থেকে জড়ো হতে থাকলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে থানার কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more