বাউফলের ইউএনও নিলেন গ্রাম পুলিশদের প্রশিক্ষণ ক্লাস
Date: 2026-09-28
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৬:৫৫ এ.এম
বাউফলের ইউএনও নিলেন গ্রাম পুলিশদের প্রশিক্ষণ ক্লাস
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীদের ক্লাস নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহম্মেদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাউফল উপজেলা পরিষদে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশের ভূমিকা, নিবন্ধনের গুরুত্ব এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ইউএনও সালেহ আহম্মেদ বলেন, জন্ম নিবন্ধন একজন নাগরিকের পরিচয় ও বয়সের আইনগত স্বীকৃতির গুরুত্বপূর্ণ দলিল। শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে সঠিক জন্ম নিবন্ধনের গুরুত্ব রয়েছে। একইভাবে মৃত্যুর সঠিক তথ্য সংরক্ষণেও মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ।
তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪-এর আলোকে ইউনিয়ন পরিষদ, সংশ্লিষ্ট স্থায়ী কমিটি ও গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করতে গ্রাম পুলিশের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে ফিজিক্যাল ট্রেনিং (পিটি), পূর্বদিনের আলোচনার পুনরালোচনা, দুর্যোগ ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশের ভূমিকা, রাত্রিকালীন টহলের গুরুত্ব এবং থানার কার্যক্রমে সহায়ক হিসেবে গ্রাম পুলিশের বিভিন্ন দায়িত্ব নিয়েও আলোচনা করা হয়।
৩০ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এতে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব, কর্তব্য ও জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more