প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০৭, ২০২৬, ৩:৪৪ এ.এম
বগুড়ায় বাসচাপায় ৬ জন নিহত, আহত একাধিক
অ-অ+
অনলাইন ডেস্ক:
বগুড়ায় ঢাকা-নওগাঁ মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০-১৫ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— বগুড়ার বেলাল এবং গাইবান্ধার আমিরুল, নূর আলম ও ফয়জার। বাকিদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও কাজ বা দিনমজুরির খোঁজে অসংখ্য শ্রমিক এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় মহাসড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক বাসটির ওপর নিয়ন্ত্রণ হারালে তা প্রথমে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোড়ে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়।
দুর্ঘটনার পর পরই চারপাশ তীব্র আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে। খবর পেয়ে স্থানীয় জনগণ ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধারকাজ শুরু করে। এতে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।
বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, আহতদের বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। চালকের অসাবধানতা ও বাসের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more